ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচের আগে বাংলাদেশের ফাইনালে ওঠার সমীকরণ কঠিন হয়ে গেছে। নিজেদের প্রথম ম্যাচে হারের পরই চাপে পড়েছিল বাংলাদেশ। এর মধ্যে গত রাতে আফগানিস্তানের বড় জয়ের পর ফাইনালে ওঠার পথ আরও কঠিন হয়ে গেছে টাইগারদের জন্য।
শেষ ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে। আফগানিস্তানের কাছে হারলে শূন্য পয়েন্ট নিয়ে বিদায় নিতে হবে তাদের। আর জিতলে তিন দলের পয়েন্ট হবে সমান—২ করে। তখন নেট রান রেটে নির্ধারিত হবে ফাইনালে ওঠা দুই দল।
ফাইনালে যেতে হলে বাংলাদেশকে টপকাতে হবে জিম্বাবুয়েকে। প্রথম ম্যাচে ৯৯ রানের জয় এবং দ্বিতীয় ম্যাচে ১৫৮ রানের হারের পর জিম্বাবুয়ের নেট রান রেট এখন মাইনাস ০.৫৯।
অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে ১৫৮ রানের বিশাল জয় পাওয়ায় পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে আফগানিস্তান। শেষ ম্যাচে ১০০ রানে হারলেও শীর্ষস্থান ধরে রাখবে তারা। তাই বাংলাদেশের আপাতত লক্ষ্য দ্বিতীয় স্থান নিশ্চিত করা। তবে সে পথেও কঠিন হিসাব মেলাতে হবে দলটিকে।
জিম্বাবুয়েকে টপকাতে হলে বাংলাদেশকে কমপক্ষে ৪১ রানের ব্যবধানে জিততে হবে। আর আফগানিস্তানকে টপকে শীর্ষে উঠতে চাইলে জয়ের ব্যবধান হতে হবে অন্তত ১২৯ রান।
তবে বাংলাদেশ পরে ব্যাট করলে জয়ের সমীকরণ নির্ভর করবে আফগানিস্তানের করা রানের ওপর। আফগানিস্তান ২৫০ রান করলে দ্বিতীয় স্থানে উঠতে বাংলাদেশকে ৪১.৩ ওভারের মধ্যে লক্ষ্য ছুঁতে হবে। আর শীর্ষে উঠতে হলে সেই লক্ষ্য তাড়া করতে হবে ২৬ ওভারের মধ্যে।
আফগানিস্তান ২৮০ রান করলে দ্বিতীয় স্থান নিশ্চিত করতে বাংলাদেশকে ৪২ ওভারের মধ্যে জিততে হবে। শীর্ষে উঠতে লক্ষ্য ছুঁতে হবে ২৭.১ ওভারে। আফগানরা ৩০০ রান করলে দ্বিতীয় স্থানের জন্য জিততে হবে ৪২.২ ওভারের মধ্যে, আর শীর্ষে উঠতে হলে ২৮ ওভারের মধ্যে লক্ষ্য তাড়া করতে হবে।
অন্যদিকে, আফগানিস্তান ৩২০ রান করলে দ্বিতীয় স্থানে উঠতে বাংলাদেশকে ৪২.৪ ওভারের মধ্যে এবং শীর্ষে উঠতে ২৮.৫ ওভারের মধ্যে লক্ষ্য ছুঁতে হবে।
সব মিলিয়ে, আগে ব্যাট করলে কমপক্ষে ৪১ রানের জয় প্রয়োজন বাংলাদেশের। আর রান তাড়া করতে নামলে আফগানিস্তানের সংগ্রহ অনুযায়ী প্রায় ৪১ থেকে ৪২ ওভারের মধ্যে ম্যাচ জিততে হবে। অর্থাৎ, লক্ষ্য তাড়া করার সময় হাতে রাখতে হবে প্রায় আট ওভার।
বাংলাদেশকে এমন কঠিন সমীকরণের মুখে পড়তে হয়েছে মূলত প্রথম ম্যাচে হারের কারণে। সেই ম্যাচে ৯৯ রানের পরাজয়ই দলটিকে ঠেলে দিয়েছে খাদের কিনারে। এখন শেষ ম্যাচে হিসাব মেলাতে পেরে ফাইনালে জায়গা করে নিতে পারে কি না, সেটিই দেখার বিষয়।

