Wednesday, October 21

মিসরের জাতীয় দলের কোচ হোসাম হাসান ও ফরোয়ার্ড মোস্তাফা জিকোকে নিষিদ্ধ করেছে ফিফা। হোসামকে তিন ম্যাচ এবং জিকোকে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। সোমবার মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) এ তথ্য জানিয়েছে। বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারের পর রেফারির সমালোচনা করায় তাঁদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

৬০ বছর বয়সী হোসাম হাসান শেষ ষোলোয় মিসরের বিদায়ের জন্য রেফারির ভুল সিদ্ধান্তকে দায়ী করেছিলেন। অন্যদিকে, ম্যাচ শেষে সাক্ষাৎকারে রেফারিকে অপমান করেন জিকো। তিনি রেফারিকে ‘জালিম’ বলে মন্তব্য করেছিলেন।

হোসামের যমজ ভাই ও মিসর জাতীয় দলের পরিচালক ইব্রাহিম হাসানকেও তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা।

ইএফএ এক বিবৃতিতে জানায়, হোসাম হাসান ও ইব্রাহিম হাসানকে তিন ম্যাচ করে এবং মোস্তাফা জিকোকে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, নিষেধাজ্ঞার সিদ্ধান্তের বিস্তারিত কারণ জানতে ফিফার শৃঙ্খলা কমিটির কাছে আবেদন করা হয়েছে। এর মাধ্যমে আইনি বিকল্পগুলো পর্যালোচনা করে আপিল করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ম্যাচে জিকোর একটি গোল বাতিল হয়েছিল। গোলের আগে আক্রমণের সময় ফাউল হওয়ায় রেফারি গোলটি বাতিল করেন। ম্যাচের শেষ দিকে স্কোর ২-২ থাকা অবস্থায় মিসরের খেলোয়াড়েরা পেনাল্টির আবেদনও করেছিলেন।

তবে ফিফার রেফারিবিষয়ক প্রধান পিয়েরলুইজি কলিনা ম্যাচের রেফারিংয়ের পক্ষে অবস্থান নিয়েছেন। তাঁর মতে, রেফারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তাঁদের এবং তাঁদের পরিবারের জন্য হুমকির কারণ হতে পারে।

নিষেধাজ্ঞার কারণে হোসাম ও ইব্রাহিম হাসান নভেম্বরে মালাউইর বিপক্ষে মিসরের আসন্ন ম্যাচগুলোতে থাকতে পারবেন না। ম্যাচগুলো আফ্রিকান নেশনস কাপের বাছাইপর্বের পরবর্তী রাউন্ডের অংশ।

Leave A Reply


Math Captcha
93 − 91 =