Tuesday, October 20

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণেই ইশরাক হোসেন ফাঁদে পড়েছেন।

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ইশরাক ভাই নতুনভাবে রাজনীতিতে নেমেছেন। ওনার মতলব ভালো ছিল, মাদকের বিষয়টি যাতে বন্ধ হয়। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়লেন তিনি।’

তিনি আরও বলেন, ‘সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর। গুলি কেন খেলেন ইশরাক ভাই? অর্থাৎ, স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করেন, আরেকজন এই পাপে ভোগেন। এটা আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা। মাঝখান দিয়ে ইশরাক ভাই ফাঁদে পড়ে গেলেন।’

এ সময় দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়েও কথা বলেন এনসিপির এই নেতা। তিনি অভিযোগ করেন, বিএনপি সরকার হিন্দু সম্প্রদায়ের মানুষকে যথাযথ নিরাপত্তা দিতে পারেনি। সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘটনা প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এমন কোনো কর্মকাণ্ড করা উচিত নয়, যাতে হিন্দু সম্প্রদায়ের মানুষ আহত বা ক্ষুব্ধ হন। এ বিষয়ে উভয় পক্ষকে আলোচনায় বসে ভুল-বোঝাবুঝির অবসান করার আহ্বান জানান তিনি।

Leave A Reply


Math Captcha
− 3 = 4