নিজের নিরাপত্তার জন্য অস্ত্র হাতে নিয়েছিলেন দাবি করে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
ইশরাক হোসেন বলেন, সাম্প্রতিক ঘটনাকে ঘিরে দেশি-বিদেশি গণমাধ্যমে কিছুটা সত্য ও কিছুটা অতিরঞ্জিত সংবাদ প্রকাশিত হয়েছে। এতে তিনি অসম্মানিত হয়েছেন এবং তার দল বিব্রত হয়েছে।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে আজকের দিন হতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি। পুরো সময়টা ঢাকা-৬ আসন ও পার্শ্ববর্তী এলাকায় মাদক নির্মূল ও অন্যান্য সমস্যা নিয়ে কাজ করতে চাই। প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন।’
এর আগে নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে ব্যক্তিগত অস্ত্র প্রদর্শন নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার খবরও ছড়িয়ে পড়ে। তবে তখন ইশরাক হোসেন দাবি করেছিলেন, এ খবর সঠিক নয়।
সোমবার দুপুরে কয়েকশ নেতাকর্মীকে সঙ্গে নিয়ে জাতীয় প্রেসক্লাবে যান ইশরাক। এ সময় তার সমর্থকরা বিভিন্ন স্লোগান দেন। বিপুল জনসমাগমের কারণে প্রেসক্লাব প্রাঙ্গণে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
সংবাদ সম্মেলনের আগে মোবাইল সাংবাদিকদের বের হয়ে যেতে বলা নিয়েও হট্টগোল হয়। পরে সব সাংবাদিকের উপস্থিতিতেই সংবাদ সম্মেলন শুরু করেন ইশরাক হোসেন।

