Monday, October 19

জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করেছে এবং এর মধ্য দিয়ে বিরোধী দলকে আন্দোলনের পথে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আমার বাংলাদেশ (এবি) পার্টি আয়োজিত ‘জুলাই সনদের ১ বছর, প্রতিশ্রুতি ও প্রত্যাশার সালতামামি’ শীর্ষক মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, “দলটি রাতারাতি তাদের অতীত ভুলে গেছে। জুলাই সনদ বাস্তবায়নে জাতির সঙ্গে প্রতারণা করেই বিএনপিই বিরোধী দলকে আন্দোলনের দিকে ঠেলে দিয়েছে।”

সংসদে বরাদ্দ ও সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে অভিযোগ

শফিকুর রহমান অভিযোগ করেন, সরকারি দলের ১৪৮ জন সংসদ সদস্যকে বিশেষ বরাদ্দ দেওয়া হলেও বিরোধী দলের সংসদ সদস্যরা বঞ্চিত হচ্ছেন। এ ছাড়া সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে হস্তক্ষেপ করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

আলোচনা সভায় ১১ দলীয় জোটের নেতারা অভিযোগ করেন, সংস্কারপ্রক্রিয়াকে পাশ কাটিয়ে বিএনপি আধিপত্যবাদের সঙ্গে আপস করে দেশ পরিচালনা করছে।

জুলাই সনদের ধারা লঙ্ঘনের অভিযোগ

সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়নের নামে বিএনপি ১৭টি ধারা লঙ্ঘন করেছে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফিটনেসবিহীন গাড়িতে তুলে দেওয়ার প্রসঙ্গেও সালাহউদ্দিন আহমদের সমালোচনা করেন তিনি।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল অলি আহমদ বলেন, বিএনপি অযোগ্য ব্যক্তিদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে।

অন্যদিকে, খেলাফত মজলিসের আমির মামুনুল হক সরকারের এজেন্ডা বাস্তবায়নে সহায়তা না করতে আলেমদের প্রতি আহ্বান জানান।

৩১ দফা ও দ্রব্যমূল্য নিয়েও সমালোচনা

এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু অভিযোগ করেন, বিএনপি তাদের ৩১ দফার অঙ্গীকার থেকে সরে গেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জ্বালানি সংকট সমাধানেও সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।

জুলাই সনদ স্বাক্ষরের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ সভায় ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা অংশ নেন। আলোচনায় বক্তারা জাতিকে বিভক্ত না করে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

Leave A Reply


Math Captcha
+ 64 = 73