Friday, November 6

আগামী এক থেকে দেড় বছরের মধ্যে সারাদেশে বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনা বর্তমানে দেশের অন্যতম বড় সমস্যা। এ সমস্যা সমাধানে সরকার কাজ করছে। কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে পরিবেশদূষণ অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।

আবদুল আউয়াল মিন্টু বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার জন্য সাভারের আমিনবাজারে একটি প্ল্যান্ট তৈরি করা হচ্ছে। পর্যায়ক্রমে সারাদেশেও এ ধরনের ব্যবস্থা গড়ে তোলা হবে। খুব শিগগিরই এ উদ্যোগের সুফল দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সাফারি পার্কের সমস্যা সমাধানে উদ্যোগ

গাজীপুর সাফারি পার্কের বিভিন্ন অব্যবস্থাপনা দূর করার উদ্যোগ নেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, তিনি পার্কটি পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন। পার্কের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

জাতীয় উদ্যানের ভেতরে ব্যক্তিমালিকানাধীন জমি ও যাতায়াতের সমস্যা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বনের ভেতরে অনেকের ব্যক্তিমালিকানাধীন জমি রয়েছে। সড়কসংক্রান্ত সমস্যার কারণে অনেকে নিজেদের জমিতে যেতে পারেন না। এ সমস্যা সমাধানে চলতি মাসেই সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া বিভিন্ন রিসোর্ট ও শিল্পকারখানার অবৈধ দখলে থাকা বনভূমি পুনরুদ্ধারে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে মন্ত্রী গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান পরিদর্শন করেন। এ সময় গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এস এম রফিকুল ইসলাম বাচ্চু, প্রধান বন সংরক্ষক আমির হোসেন, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল আল মামুন, সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave A Reply


Math Captcha
+ 34 = 44