বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০২ জন গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মাননা হিসেবে প্রত্যেক শিক্ষককে দুই লাখ টাকা, একটি ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ‘গুণী শিক্ষক সম্মাননা’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষকদের হাতে এসব সম্মাননা তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সম্মান সমুন্নত রাখা, যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার, কারিগরি ও ব্যবহারিক শিক্ষার প্রসার, শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ এবং শহর ও গ্রামের শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি আনন্দময় শিক্ষা, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দক্ষতা বিকাশ এবং ঝরে পড়া শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেন।
শিক্ষকদের অর্থ ব্যাংকের মাধ্যমে পৌঁছে দেওয়ার নির্দেশনা
শিক্ষকতা পেশাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, একজন শিক্ষক কর্মরত কিংবা অবসর জীবনে থাকুন—তাঁর পেশাগত অবদানের কারণে তিনি রাষ্ট্রের কাছে সম্মানীয়। তাই বেতন ও অবসরভাতার জন্য শিক্ষকদের যেন অফিসে গিয়ে ভোগান্তিতে পড়তে না হয়, সেজন্য যথাসময়ে তাঁদের প্রাপ্য অর্থ ব্যাংকের মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়ার কথা জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের শিক্ষকরা জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তোলার অন্যতম প্রধান হাতিয়ার। শিক্ষকদের মর্যাদা, অধিকার ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি মানসম্মত শিক্ষা ব্যবস্থার ওপরও গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের শিক্ষকদের সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে প্রাথমিক পর্যায়ের ১০ জন, মাধ্যমিকের ২০ জন, কলেজের ২৫ জন, সাধারণ বিশ্ববিদ্যালয়ের ২০ জন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনজন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তিনজন এবং অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক রয়েছেন। এর বাইরে প্রধানমন্ত্রীর মনোনীত সাতজন শিক্ষকও সম্মাননা পেয়েছেন।
বক্তব্যের শেষে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

