হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত আ.লীগ নেতাদের ফেরত চায় সরকার
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও ভালো করতে হলে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দণ্ডপ্রাপ্ত নেতাদের ভারতকে ফেরত দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও ভালো করতে হলে ভারতকে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের দণ্ডপ্রাপ্ত সবাইকে ফেরত দিতে হবে। ভারত সরকার বাংলাদেশের এই ‘সেনসিটিভিটি’ বুঝবে এবং তাদের হস্তান্তর করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি জানান, ভারতের হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। ওই বৈঠকে শেখ হাসিনা ও অন্যদের বিষয়ে বাংলাদেশের অবস্থানও তুলে ধরা হয়েছে।
এদিকে গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার কর সংক্রান্ত মামলায় সরকারের কোনো ধরনের হস্তক্ষেপের সুযোগ নেই বলেও জানান তথ্য উপদেষ্টা।
তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস বা অন্য কারও প্রতি সরকারের কোনো অনুরাগ কিংবা বিরাগ নেই। বিষয়টি আদালতের এবং মামলা নিজস্ব গতিতেই চলবে।
ব্যাটারিচালিত রিকশায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দেওয়া বন্ধে পরিচালিত অভিযানের তথ্যও সংবাদ সম্মেলনে তুলে ধরেন জাহেদ উর রহমান।
তিনি জানান, গত ৩১ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর অধীনে মোট ১১ হাজার ১৮৮টি অভিযান পরিচালনা করা হয়েছে।
