Friday, November 6

র‌্যাব বিলুপ্ত করে একই আদলে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) গঠনের বিধান রেখে সংসদে বিল পাস হয়েছে। বিরোধী দলের আপত্তির মধ্যেই বৃহস্পতিবার কণ্ঠভোটে বিলটি পাস হয়।

বিলটি জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর জন্য বিরোধীদলীয় সদস্যরা যে প্রস্তাব দিয়েছিলেন, কণ্ঠভোটে তা নাকচ হয়ে যায়।

বিলটি পাসের জন্য সংসদে উত্থাপনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, সমাজের চাহিদার কারণেই এসআরবি গঠন করা হচ্ছে।

তবে বিল পাসের আগে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দলটির কয়েকজন সংসদ সদস্য আইনটি পাস না করার আহ্বান জানান।

শফিকুর রহমান বলেন, র‌্যাব প্রতিষ্ঠার পর এ দেশের সামগ্রিক অভিজ্ঞতা সুখকর নয়। বাহিনীটির কিছু ইতিবাচক দিক থাকলেও নেতিবাচক দিক এত বেশি ছিল যে তা নিয়ে গোটা বিশ্ব উদ্বিগ্ন হয়ে পড়েছিল।

র‌্যাব পুনর্গঠনের দাবি কারও ছিল না উল্লেখ করে তিনি বলেন, র‌্যাব বিলুপ্ত করার দাবি ছিল। অথচ কোনো মৌলিক পরিবর্তন ছাড়াই একই ধরনের বাহিনী গঠন করা হচ্ছে। এ অবস্থায় বিলটি পাস না করে প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

বিরোধীদলীয় নেতার বক্তব্যের পর আলোচনায় অংশ নেন বিএনপির সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। ২০০৪ সালে র‌্যাব গঠনের সময় তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

বাবর র‌্যাবের বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডের সমালোচনা করলেও বলেন, র‌্যাবের মতো একটি বিশেষায়িত বাহিনীর প্রয়োজন এখনো রয়েছে।

বিরোধী দলের সদস্যদের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, র‌্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী গঠনের দাবি কারও ছিল না, এটি ঠিক। তবে এসআরবি গঠন করা হচ্ছে সমাজের দাবি ও চাহিদার ভিত্তিতে।

তিনি বলেন, দাবি অনুযায়ী র‌্যাব বিলুপ্ত হচ্ছে। সমাজের চাহিদা অনুযায়ী অপরাধ দমনে নতুন কাঠামোয় এসআরবি গঠন করা হচ্ছে।

অপরাধ দমনে সমাজের চাহিদার ভিত্তিতে নতুন আইন ও প্রতিষ্ঠান গঠনের উদাহরণ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার অপরাধ দমনে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে পুলিশ বিভাগের অধীনে সাইবার নিরাপত্তা ইউনিট গঠনের বিষয়েও সরকার চিন্তা করছে।

Leave A Reply


Math Captcha
− 8 = 2