Friday, November 6

সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর সিদ্ধান্তকে দলীয়করণের ‘অশুভ ইঙ্গিত’ হিসেবে দেখছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে সিদ্ধান্তটির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারি চাকরির নিয়োগে ভাইভার নম্বর অস্বাভাবিকভাবে বাড়ানোর সিদ্ধান্ত বিএনপি সরকারের ‘নির্লজ্জ দলীয়করণের অশুভ ইঙ্গিত’।

গত রোববার প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির বৈঠকে সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর সিদ্ধান্ত হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, নিয়োগ পরীক্ষায় প্রক্সি বা ভুয়া পরীক্ষার্থী ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে গোলাম পরওয়ারের অভিযোগ, বর্তমান সরকার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ শুরু করেছে। পাবলিক বিশ্ববিদ্যালয়, সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও সচিবালয়ের গুরুত্বপূর্ণ পদে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্ত নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির সুযোগ তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও মেধাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা ছিল জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা।

গোলাম পরওয়ার বলেন, ১১ থেকে ২০তম গ্রেডের চাকরিতে লিখিত ও মৌখিক পরীক্ষায় সমান ৫০ নম্বর রাখা অত্যন্ত উদ্বেগজনক। তার মতে, লিখিত পরীক্ষায় প্রার্থীর জ্ঞান, মেধা ও বিশ্লেষণী সক্ষমতা তুলনামূলকভাবে বস্তুনিষ্ঠভাবে যাচাই করা সম্ভব হলেও মৌখিক পরীক্ষার মূল্যায়ন অনেকাংশে বোর্ডের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ ও বিবেচনার ওপর নির্ভরশীল।

তার দাবি, ভাইভার নম্বরের ওজন বাড়ানো হলে লিখিত পরীক্ষায় অর্জিত মেধা ও যোগ্যতার ফলাফল পরিবর্তনের সুযোগ তৈরি হবে। এতে যোগ্য প্রার্থীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতে পারেন।

প্রক্সি, জালিয়াতি ও পরীক্ষায় অনিয়ম বন্ধের প্রয়োজনীয়তা স্বীকার করে গোলাম পরওয়ার বলেন, এসব প্রতিরোধের অজুহাতে ভাইভার নম্বর বাড়ানো গ্রহণযোগ্য সমাধান নয়। প্রযুক্তিনির্ভর পরীক্ষাব্যবস্থা, বায়োমেট্রিক যাচাই, কঠোর নজরদারি, প্রশ্নপত্রের নিরাপত্তা, ডিজিটাল মনিটরিং ও কঠোর শাস্তির মাধ্যমে অনিয়ম ঠেকানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট বিধিমালা বাতিলের দাবি জানান। একই সঙ্গে রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি, অর্থের লেনদেন ও সুপারিশের সংস্কৃতি বন্ধ করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান।

Leave A Reply


Math Captcha
24 − = 22