আগামী পাঁচ বছরের মধ্যে সেচকাজে ব্যবহৃত ডিজেলচালিত পানির পাম্পের পরিবর্তে সৌরবিদ্যুৎচালিত পাম্প স্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজ উদ্দীন খানের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
তাজ উদ্দীন খান জানতে চান, সেচকাজে ডিজেলচালিত ইঞ্জিনের পরিবর্তে কৃষকদের বিনামূল্যে সৌরবিদ্যুৎ দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের আছে কি না। জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকারের এমন পরিকল্পনা রয়েছে এবং আগামী পাঁচ বছরের মধ্যে ডিজেলচালিত পানির পাম্পের পরিবর্তে সৌরবিদ্যুৎচালিত পাম্প স্থাপন করা হবে।
এ সময় নবায়নযোগ্য জ্বালানি, সৌরবিদ্যুৎ কেন্দ্র ও অন্যান্য বিকল্প জ্বালানি উৎস সম্প্রসারণে সরকারের কর্মপরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা বিবেচনায় আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ২০২৬ থেকে ২০৩০ মেয়াদের জন্য জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র প্রণয়ন করা হয়েছে। এর আওতায় ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের অন্তত ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে অন্তত ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সৌরবিদ্যুতের স্টোরেজ ব্যবস্থায় ব্যবহৃত ব্যাটারি নিয়েও কথা বলেন।
তিনি বলেন, সৌরবিদ্যুৎ সংরক্ষণের জন্য লেড ও লিথিয়াম ব্যাটারি ব্যবহৃত হয়। সরকার পরিবেশবান্ধব লিথিয়াম ব্যাটারিকে উৎসাহিত করছে। দেশে লিথিয়াম ব্যাটারি তৈরির কারখানা স্থাপনে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বুধবার বিকেল সাড়ে ৩টায় সংসদ অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচি অনুযায়ী অধিবেশনের প্রথম আধা ঘণ্টা ছিল প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব। প্রধানমন্ত্রীর জন্য আটটি তারকাচিহ্নিত প্রশ্ন নির্ধারিত থাকলেও তিনি তিনটি প্রশ্ন ও সাতটি সম্পূরক প্রশ্নের জবাব দেন।

