একাধিকবার মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার পর অবশেষে আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে যশ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক’। মুক্তির আগেই ছবিটি নানা বিতর্কে আলোচনায় থাকলেও এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ছবির অন্যতম অভিনেত্রী নয়নতারার ন্যাড়া মাথার একটি ছবি। তবে শেষ পর্যন্ত জানা গেছে, ছবিটি বাস্তব নয়; এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, সাদা সালোয়ার ও সবুজ ওড়না পরা নয়নতারা তিরুপতি মন্দির চত্বরে হাঁটছেন এবং তাঁর মাথা পুরোপুরি কামানো। ছবি প্রকাশের পরই গুঞ্জন ওঠে, ‘টক্সিক’-এর সাফল্যের জন্য মানত করে মাথা ন্যাড়া করেছেন অভিনেত্রী।
ভক্তদের একাংশও ধারণা করেন, সিনেমার মুক্তির আগে তিরুপতিতে গিয়ে বিশেষ মানত পূরণ করেছেন নয়নতারা। তবে সেই জল্পনা বেশিক্ষণ টেকেনি।
জানা গেছে, ভাইরাল ছবিটি আসল নয়। চলতি বছরের এপ্রিল মাসে স্বামী ও পরিচালক বিঘ্নেশ শিবানের সঙ্গে তিরুপতি মন্দিরে গিয়েছিলেন নয়নতারা। সেই সফরের আসল ছবি ও ভিডিও সম্পাদনা করে এআই প্রযুক্তির মাধ্যমে তাঁর মাথা ন্যাড়া দেখানো হয়েছে। পরে সেটিই সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া দাবি নিয়ে ছড়িয়ে পড়ে।
এআই-নির্মিত ছবিটির নির্মাতা বা উৎস সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে নয়নতারা বাস্তবে মাথা ন্যাড়া করেননি বলে নিশ্চিত হওয়া গেছে।
এদিকে মুক্তির আগেই ‘টক্সিক’ নিয়ে বিতর্ক থামছে না। ট্রেলার প্রকাশের পর ছবির কিছু দৃশ্যে যৌনতা ও সহিংসতার উপস্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। এ নিয়ে পরিচালক গীতু মোহনদাস ও অভিনেতা যশও কটাক্ষের মুখে পড়েছেন।
সব বিতর্কের মধ্যেই আগামী ২৬ আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এখন দেখার বিষয়, আলোচনা-সমালোচনার বাইরে গিয়ে বক্স অফিসে কতটা সাড়া ফেলতে পারে ‘টক্সিক’।

