Friday, November 6

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো তারকা জেসমিন ভাসিনের সময়টা ভালো যাচ্ছে না। অসুস্থতার ধকল কাটতে না কাটতেই ‘খাতরো কে খিলাড়ি ১৫’-এর সেটে ঝুঁকিপূর্ণ স্টান্ট করতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন এই অভিনেত্রী। আঘাতের পর কিছু সময়ের জন্য স্মৃতিশক্তিও হারিয়েছিলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, দুর্ঘটনার পর চিকিৎসকরা জেসমিনকে টানা ৭২ ঘণ্টা সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

দুর্ঘটনার ভয়ংকর অভিজ্ঞতার কথা নিজেই জানিয়েছেন জেসমিন। তিনি জানান, স্টান্ট শেষ হওয়ার পর ঠিক কী ঘটেছিল, তার কিছুই মনে ছিল না। এমন ঘটনা তার জীবনে ঘটতে পারে, তা তিনি কখনো কল্পনাও করেননি।

ঘটনার বেশ কিছুদিন পার হলেও সেই সময়ের সব স্মৃতি এখনো পুরোপুরি ফিরে পাননি অভিনেত্রী। অনেক বিষয়ই তার মনে নেই বলে জানিয়েছেন তিনি।

তবে শারীরিক প্রতিকূলতার মধ্যেও মানসিকভাবে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছেন জেসমিন। দুর্ঘটনার কথা মনে পড়লে এখনো অস্বস্তি অনুভব করলেও আগের চেয়ে নিজেকে মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী মনে করছেন তিনি।

এর আগে দুবাইয়ে নিজের জন্মদিন উদযাপন করতে গিয়ে তীব্র পেটের ব্যথায় অসুস্থ হয়ে পড়েছিলেন জেসমিন। পরে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, তিনি ‘টার্মিনাল আইলাইটিস’ নামের অন্ত্রের একটি গুরুতর সংক্রমণে আক্রান্ত হয়েছেন।

একদিকে অসুস্থতা, অন্যদিকে শুটিং সেটে দুর্ঘটনা—পরপর দুটি ঘটনায় কঠিন সময় পার করছেন অভিনেত্রী।

Leave A Reply


Math Captcha
3 + 3 =