Friday, November 6

জনপ্রিয় মার্কিন অভিনেত্রী হেইডেন প্যানেত্তিয়েরি মারা গেছেন। মাত্র ৩৬ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে। ‘হিরোস’ ও ‘ন্যাশভিল’ টেলিভিশন সিরিজে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া এই অভিনেত্রীর মৃত্যুর খবর তাঁর প্রতিনিধি সিএনএনকে নিশ্চিত করেছেন। তবে তাঁর মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

হেইডেনের বাবা স্কিপ প্যানেত্তিয়েরি এক বিবৃতিতে মেয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, হেইডেন ছিলেন অসাধারণ এক আলোর মতো মানুষ ও শক্তিশালী ব্যক্তিত্ব। তাঁর পরিচিত এবং দর্শকদের জীবনে তিনি ভালোবাসা ও আনন্দ এনে দিয়েছেন।

‘হিরোস’ সিরিজে বিশেষ ক্ষমতাসম্পন্ন চিয়ারলিডার ক্লেয়ার বেনেট চরিত্রে অভিনয় করে দর্শকের নজরে আসেন হেইডেন। পরে ‘ন্যাশভিল’ সিরিজে তরুণ কান্ট্রি সংগীতশিল্পী জুলিয়েট বার্নস চরিত্রেও প্রশংসিত হন তিনি।

বড় পর্দায়ও সফল ছিলেন হেইডেন। ‘স্ক্রিম ৪’-এ কিরবি রিড চরিত্রে অভিনয়ের পর দীর্ঘ বিরতি শেষে ‘স্ক্রিম ৬’-এ একই চরিত্রে আবারও পর্দায় ফেরেন। এ ছাড়া ‘আই লাভ ইউ, বেথ কুপার’ ও ‘রিমেম্বার দ্য টাইটানস’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি কণ্ঠশিল্পী হিসেবেও ছোট বয়সেই সাফল্য পান হেইডেন। ১৯৯৮ সালের অ্যানিমেশন সিনেমা ‘আ বাগস লাইফ’-এ প্রিন্সেস ডট চরিত্রে কণ্ঠ দেওয়ার মাধ্যমে গ্র্যামি মনোনয়নের দৌড়ে থাকা সবচেয়ে কম বয়সী শিল্পীদের একজন হন তিনি।

ব্যক্তিগত জীবনেও নানা কঠিন সময় পার করেছেন হেইডেন। মাদকাসক্তি, আসক্তি থেকে বেরিয়ে আসার সংগ্রাম, সন্তান জন্মের পর বিষণ্নতা ও পারিবারিক নির্যাতনের অভিজ্ঞতা নিয়ে তিনি প্রকাশ্যে কথা বলেছিলেন। চলতি বছর প্রকাশিত হয়েছে তাঁর স্মৃতিকথা ‘দিস ইজ মি: আ রেকনিং’।

হেইডেনের সাবেক স্বামী ইউক্রেনীয় বক্সার ভ্লাদিমির ক্লিৎসকোর সঙ্গে তাঁর ১১ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। তাঁর ভাই জ্যানসেন প্যানেত্তিয়েরিও অভিনয় ও কণ্ঠশিল্পের সঙ্গে যুক্ত ছিলেন। ২০২৩ সালে মাত্র ২৮ বছর বয়সে তাঁরও মৃত্যু হয়।

অভিনেত্রীর মৃত্যুতে শোক জানিয়েছে মার্কিন অভিনেতা ইউনিয়ন এসএজি-এএফটিআরএ। ‘স্ক্রিম ৬’-এর সহশিল্পী মেলিসা বারেরাও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন।

Leave A Reply


Math Captcha
− 1 = 4