Friday, November 6

বলিউডের অভিনেত্রী অনন্যা রাজ মাত্র ২৭ বছর বয়সে মারা গেছেন। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, বন্ধু ও ভক্তদের মধ্যে। মৃত্যুর প্রায় এক মাস পর সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ জুলাই ২০২৬ মধ্যরাতে ঘুমের মধ্যেই মারা যান অনন্যা। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।

পরিবার জানিয়েছে, গত এক বছর ধরে অনন্যা শারীরিক ও মানসিক নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন। বিভিন্ন ধরনের অস্বস্তি ও কষ্টের মধ্যেও তিনি সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছিলেন।

অনন্যার শেষকৃত্যের কয়েকটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে তার পরিবার। তবে তার মৃত্যুর বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। একই সঙ্গে পরিবারের গোপনীয়তা ও মানসিক অবস্থার প্রতি সম্মান দেখাতে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

মৃত্যুর আগে শেষ পোস্ট ঘিরে আলোচনা

অনন্যা রাজের মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার সর্বশেষ পোস্টটিও নতুন করে আলোচনায় এসেছে। গত ১৭ মে একটি শুটিংয়ের ছবি পোস্ট করেছিলেন তিনি। ক্যামেরার সামনে পোজ দেওয়া ওই ছবির সঙ্গে লিখেছিলেন—‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এবার জ্বলে ওঠার সময়।’

মৃত্যুর প্রায় দুই মাস আগে দেওয়া এই আশাবাদী বার্তাটি এখন ভক্তদের মধ্যে আবেগ ও আলোচনা তৈরি করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনন্যার দেড় লাখের বেশি অনুসারী ছিল।

সিনেমা ও মিউজিক ভিডিওতে কাজ

২০১৬ সালে ‘সেভেন আওয়ার্স টু গো’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় অনন্যা রাজের। এরপর ২০১৭ সালে ‘দ্য ফাইনাল এক্সিট’ এবং ২০১৯ সালে ‘ঘোস্ট’ সিনেমায় অভিনয় করেন তিনি।

সিনেমার পাশাপাশি বিভিন্ন মিউজিক ভিডিওতেও কাজ করেছেন অনন্যা। টি-সিরিজ, জি মিউজিক ও টাইমস মিউজিকের মতো প্রতিষ্ঠিত মিউজিক লেবেলের বেশ কয়েকটি প্রকল্পে তাকে দেখা গেছে।

এ ছাড়া আঞ্চলিক চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। ‘থাগ্গেদে লে’ এবং ত্রিভাষিক সিনেমা ‘মাদ্রাসি গ্যাং’ তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে।

Leave A Reply


Math Captcha
9 + 1 =