তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও তামিলাগা ভেত্রি কাঝাগাম (টিভিকে) প্রধান সি. জোসেফ বিজয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নিয়েছেন তার স্ত্রী সঙ্গীতা সর্নালিঙ্গম। এর মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এই পারিবারিক আইনি বিরোধের আনুষ্ঠানিক অবসান হয়েছে।
শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির হয়ে মামলা প্রত্যাহারের আনুষ্ঠানিক কারণ জানান সঙ্গীতা। পরে আদালতের আদেশে মামলাটি নিষ্পত্তি করা হয়।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তামিলনাড়ুর চেঙ্গালপাট্টুর একটি পরিবার আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সঙ্গীতা। আবেদনে দাম্পত্য জীবনে মতপার্থক্যের কথা উল্লেখ করে তিনি বিবাহবিচ্ছেদ, স্থায়ী ভরণপোষণ এবং চেন্নাইয়ের নীলাঙ্কারাইয়ে থাকা বৈবাহিক বাড়িতে বসবাসের অধিকার বজায় রাখার দাবি জানিয়েছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, গত ১৫ জুন ও পরবর্তী শুনানিতে ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত না হলেও সঙ্গীতা মামলা প্রত্যাহারের ইচ্ছার কথা জানিয়েছিলেন। অবশেষে শুক্রবার আদালতের আদেশের মাধ্যমে মামলাটির আনুষ্ঠানিক নিষ্পত্তি হয়।
দীর্ঘ তিন দশকের সম্পর্ক
বিজয় ও সঙ্গীতার বিয়ে হয় ১৯৯৯ সালের ২৫ আগস্ট চেন্নাইয়ে। ঐতিহ্যবাহী হিন্দু রীতিতে অনুষ্ঠিত ওই বিয়েটি ছিল আন্তঃধর্মীয়। তাদের সংসারে ২০০০ সালে এক পুত্রসন্তান এবং ২০০৫ সালে এক কন্যাসন্তানের জন্ম হয়।
তবে ২০২৩ ও ২০২৫ সালের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সঙ্গীতার অনুপস্থিতিকে ঘিরে তাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে বিভিন্ন জল্পনা শুরু হয়। পরবর্তী সময়ে বিবাহবিচ্ছেদের মামলা দায়েরের খবর প্রকাশ্যে এলে বিষয়টি আরও আলোচনায় আসে।
এদিকে, অভিনয় থেকে রাজনীতিতে আসা বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে সাম্প্রতিক তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে এবং বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থনে জোট সরকার গঠন করে।

