Friday, November 6

বলিউডের আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত আবারও নিজের ব্যক্তিজীবন ও ধর্মীয় বিশ্বাস নিয়ে আলোচনায় এসেছেন। সম্প্রতি বিবিসি হিন্দিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বর্তমানে তিনি ইসলাম ধর্ম অনুসরণ করেন এবং নিয়মিত ধর্মীয় অনুশীলন করেন।

সাক্ষাৎকারে রাখি বলেন, তিনি আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন এবং এখন পর্যন্ত আটবার উমরাহ পালন করেছেন।

ধর্ম পরিবর্তন ও আন্তঃধর্মীয় বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, ভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিয়ে বা ভালোবাসা নতুন কোনো বিষয় নয়। উদাহরণ হিসেবে তিনি বলিউড তারকা শাহরুখ খান ও আমির খানের নাম উল্লেখ করেন। আমির খানকে নিয়ে মন্তব্য করতে গিয়ে রাখি বলেন, “তার তো হিন্দু মেয়েই পছন্দ।”

রাখির ভাষ্য, দেশে কোটি কোটি মানুষ হিন্দু-মুসলিম বিয়ে করছেন এবং ধর্ম ভিন্ন হলেও ভালোবাসার সম্পর্কে এটি কোনো বাধা নয়।

নিজের ক্যারিয়ারের শুরুর সময়ের কথা স্মরণ করে রাখি বলেন, একসময় তাকে ‘জোকার’ ও ‘কার্টুন’ বলে উপহাস করা হতো। তবে সেই সময় থেকেই তিনি ভিডিও কনটেন্ট তৈরি শুরু করেন। নিজের পরিচয় দিতে গিয়ে তিনি বলেন, “আমি নিজেই একটি চলমান কনটেন্ট।”

সাক্ষাৎকারে বিগ বস ১৫–এ তার স্বামী হিসেবে পরিচিত রিতেশ প্রসঙ্গেও কথা বলেন রাখি। তিনি দাবি করেন, রিতেশ ছিলেন ‘ভাড়া করা স্বামী’। পরে রিতেশের আগের বৈবাহিক সম্পর্ক নিয়ে বিতর্ক তৈরি হলে তাকে অনুষ্ঠান থেকে সরিয়ে দেওয়া হয় বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমান প্রজন্মের ভাইরাল কনটেন্ট নির্মাতাদের প্রসঙ্গ টেনে রাখি বলেন, উর্বশী রাউতেলা ও ওরির মতো অনেকেই তার দেখানো পথ অনুসরণ করেছেন। নিজের জনপ্রিয়তা নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে তিনি বলেন, “আমি ওজি (OG) রাখি সাওয়ান্ত। বিনোদন জগতে আমার নিজস্ব একটি জায়গা রয়েছে।”

রাখির এই সাক্ষাৎকার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার খোলামেলা বক্তব্যের প্রশংসা করছেন, আবার কেউ বিভিন্ন মন্তব্য নিয়ে বিতর্ক তুলছেন।

Leave A Reply


Math Captcha
23 + = 33