সব ধরনের গুঞ্জন ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত হতে যাওয়া মেগা কনসার্টে অংশ নিতে ঢাকায় আসছেন দক্ষিণ এশিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আয়োজকরা জানিয়েছেন, বুধবার (২২ জুলাই) তিনি বাংলাদেশে পৌঁছাবেন।
রাজধানীর পূর্বাচল ক্রিকেটার্স একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই কনসার্ট। কনসার্টটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়লেও আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনকর্পোরেশন স্পষ্ট জানিয়েছে, অনুষ্ঠান বাতিল বা পেছানোর কোনো সম্ভাবনা নেই। প্রয়োজনীয় সব প্রশাসনিক অনুমতি ও ভেন্যুর প্রস্তুতিমূলক কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।
এক সংবাদ সম্মেলনে আয়োজকদের একজন প্রতিনিধি বলেন, “আতিফ আসলাম একটি বিশাল নাম। তাঁর গান কোটি মানুষের ভালোবাসার অংশ। ইনশাআল্লাহ, ২৪ জুলাই আমরা সবাই একসঙ্গে আতিফ আসলামের পরিবেশনা উপভোগ করব।”
তিনি আরও জানান, কনসার্ট আয়োজনের সঙ্গে কৌশলগত অংশীদার হিসেবে কয়েকজন উদ্যোক্তা যুক্ত হয়েছেন, যা ভবিষ্যতে বিস্তারিত জানানো হবে।
আয়োজকরা জানান, গত বছরের একটি বড় আয়োজন বাতিল হওয়ায় তাঁদের নানা ধরনের প্রশাসনিক ও সাংগঠনিক জটিলতার মুখোমুখি হতে হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তাঁরা বলেন, “গত বছরের ইভেন্ট বাতিল হওয়ার পর আমরা অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছি। এবার দীর্ঘ পরিকল্পনার পর আবারও আয়োজনটি ঘোষণা করেছি। আল্লাহর রহমতে এবার আর কোনো সমস্যা হবে না।”
আতিফ আসলামের ঢাকা সফর উপলক্ষে বুধবার একটি বিশেষ সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হয়েছে। সেখানে শিল্পীর উপস্থিতিতে সাংবাদিকদের জন্য কভারেজ সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরা হবে।
আয়োজকরা জানান, সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রবেশ, কভারেজের সুযোগ, ভিডিও ও ফটো ধারণের নিয়মাবলি এবং কনসার্ট সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা জানানো হবে।
উল্লেখ্য, ২৪ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া এই কনসার্টকে ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলামের জনপ্রিয় গানগুলো সরাসরি উপভোগ করতে মুখিয়ে আছেন তাঁর বাংলাদেশি ভক্তরা।

