রাজধানীর পল্লবীতে আট বছরের স্কুলশিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার দায়ে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। নিম্ন আদালতের দেওয়া এ দণ্ডের বিরুদ্ধে আসামির করা আপিল খারিজ করে দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
রায় ঘোষণার সময় আদালত বলেন, শিশুটির ময়নাতদন্ত প্রতিবেদনে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। হত্যাকাণ্ড নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় ঘটানো হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।
এ ঘটনায় নিম্ন আদালত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। ওই রায়ের বিরুদ্ধে দুই আসামির আপিল এবং মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য পাঠানো ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষ হয় আগেই। পরে গতকাল সোমবার (১৬ নভেম্বর) আজকের দিন রায়ের জন্য ধার্য করেন হাইকোর্ট।
শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে লড়েন হাফিজুর রহমান খান।

