শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনুকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে আহমেদুর রহমান তনুকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে আহমেদুর রহমান তনু বলেন, অলটারনেটিভ নামের একটি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হওয়া এবং সাম্প্রতিক দলীয় বৈঠকে দলের বিভিন্ন ভুল নিয়ে প্রশ্ন তোলার কারণে তাকে এ শাস্তির মুখোমুখি হতে হয়েছে বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, বিষয়টি তাকে ব্যক্তিগতভাবে জানানো হয়নি এবং এখনো দলের পক্ষ থেকে কেউ তার সঙ্গে যোগাযোগ করেনি। তার দাবি, একজন রাজনৈতিক কর্মীর একাধিক প্ল্যাটফর্মে কাজ করার অধিকার রয়েছে এবং এ কারণে তাকে শাস্তি দেওয়া উচিত নয়।

