চট্টগ্রামে ফ্লাইওভারের পিলারে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আঁকা গ্রাফিতি মুছে ফেলাকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ার পর নগরের জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও মিটিং নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

সোমবার (১৮ মে) সকালে সিএমপির জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। হাসান মো. শওকত আলী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তার স্বার্থে জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত প্রধান সড়ক ও আশপাশের এলাকায় কোনো ধরনের জমায়েত, সভা-সমাবেশ, মিছিল বা মিটিং করা যাবে না। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

এর আগে রোববার (১৭ মে) রাতে টাইগারপাস এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে ফ্লাইওভারের পিলারে আঁকা গ্রাফিতি মুছে ফেলার ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেন। এ সময় উভয়পক্ষ পাল্টাপাল্টি স্লোগান দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

Leave A Reply


Math Captcha
− 2 = 1