টেবিলের ওপর সাজানো ছিল এসএসসি পরীক্ষার প্রবেশপত্র, পড়ার খাতা আর কলম। কয়েক দিন পরেই শুরু হওয়ার কথা ছিল পরীক্ষা। ব্যবসায় শিক্ষা বিভাগের বিজ্ঞান বিষয়ের প্রস্তুতিও নিয়েছিল তানভির। ভবিষ্যতের স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাইলেও হৃদরোগে থেমে গেল তার জীবন।

শুক্রবার বিকেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

নিহত তানভির পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের জিয়ারপাড়া এলাকার আবু নাসেরের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তানভির। প্রথমে তাকে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়। রাত ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তানভিরের চাচা মোহাম্মদ সেলিম বলেন, “ছেলেটা খুব শান্ত স্বভাবের ছিল। পরীক্ষার জন্য অনেক প্রস্তুতি নিচ্ছিল। কে জানত পরীক্ষার আগেই এভাবে চলে যাবে।”

সহপাঠী আমির হামজা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আগামী রোববার একসঙ্গে পরীক্ষা দেওয়ার কথা ছিল। সে আর আমাদের মাঝে নেই, এটা মানতে খুব কষ্ট হচ্ছে।”

হাইদগাঁও উচ্চ বিদ্যালয়-এর প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে বলেন, “আমার বিদ্যালয়ের ছাত্র তানভিরের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। সে ভদ্র ও মেধাবী শিক্ষার্থী ছিল। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

তানভিরের অকালমৃত্যুতে পরিবার, সহপাঠী ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave A Reply


Math Captcha
8 + 1 =