কক্সবাজারের কুতুবদিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর আবরার হোসাইন (২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২ মে) দুপুরে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের হায়দরপাড়া এলাকায় বাড়ির পাশের একটি পানিভর্তি গর্ত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, আবরার হোসাইন মহেশখালী উপজেলার বাসিন্দা আক্তার হোসেনের ছেলে। সে তার নানা এখলাছের বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার (১ মে) দুপুর ১টার দিকে হঠাৎ সে নিখোঁজ হয়ে যায়।

শিশুটির চাচা সোহেল জানান, নিখোঁজ হওয়ার পরপরই পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। কোনো সন্ধান না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং এলাকায় নিখোঁজের খবর ছড়িয়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, শনিবার দুপুর ১টার দিকে বাড়ির পাশে একটি নলকূপের পরিত্যক্ত স্থানে জমে থাকা পানির গর্তে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কুতুবদিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ বলেন, “নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

Leave A Reply


Math Captcha
15 − = 6