Saturday, April 18

নুরুল ইসলাম সুমন, কক্সবাজার
সাগরে মাছের আকাল, জ্বালানি সংকট ও জলদস্যু আতঙ্কের মধ্যেই শুরু হয়েছে ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা। মঙ্গলবার মধ্যরাত থেকে কার্যকর হওয়া এ নিষেধাজ্ঞার ফলে কক্সবাজার উপকূলের লক্ষাধিক জেলে ও তাঁদের পরিবার চরম অনিশ্চয়তা ও আর্থিক সংকটে পড়েছেন।
নিষেধাজ্ঞা শুরুর পর থেকেই বাঁকখালী নদীর তীরে সারি সারি ট্রলার অলসভাবে পড়ে আছে। অনেক জেলে এখনো পরবর্তী মৌসুমের অপেক্ষায় ঘরে ফিরে গেছেন, আবার কেউ কেউ জীবিকার অনিশ্চয়তায় হতাশ হয়ে ঘাটেই সময় কাটাচ্ছেন।
চেয়ারম্যান ঘাটের প্রবীণ জেলে আবদুর রহমান দীর্ঘদিনের ক্ষোভ ও হতাশার কথা জানিয়ে বলেন, “৩৫ বছর ধরে সাগরে যাই, কিন্তু আজও জেলে কার্ড পাইনি। গত পাঁচ মাস ধার-দেনা করে সংসার চালিয়েছি। এখন নিষেধাজ্ঞা শুরু হলো—পরিবার নিয়ে খাব কী?”
তিনি অভিযোগ করেন, কার্ড না থাকায় সরকারি সহায়তা থেকেও বঞ্চিত হচ্ছেন অনেক জেলে। এতে তাদের দুর্ভোগ আরও বাড়ছে।
অন্যদিকে ট্রলার মালিকরাও জ্বালানি তেলের সংকট ও লোকসানের কারণে আগে থেকেই বিপাকে ছিলেন। তাঁদের দাবি, একেকটি ট্রলার সাগরে পাঠাতে প্রায় ৪ লাখ টাকা খরচ হলেও অনেক সময় মাত্র ৪০ হাজার টাকার মাছ নিয়েই ফিরতে হচ্ছে, ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তাঁরা।
জেলা ফিশিং বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন বাচ্চু বলেন, সাগরে অবৈধ ট্রলিং জালের ব্যবহার মাছের প্রজনন ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে। এর দায় মূলত পড়ছে বৈধ জেলে ও ট্রলার মালিকদের ওপর।
মৎস্যজীবী নেতারা মনে করছেন, বর্তমান নিষেধাজ্ঞার সময়সূচি পুনর্বিবেচনা করা জরুরি। বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, “এটা মাছ ধরার ভরা মৌসুম। এমন সময়ে নিষেধাজ্ঞা দেওয়ায় আমরা ভয়াবহ ক্ষতির মুখে পড়েছি।”
জেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা জানিয়েছেন, নিবন্ধিত ৬৪ হাজার ৪২৮ জন জেলের পরিবারকে প্রতি মাসে ৪০ কেজি করে চাল সহায়তা দেওয়া হচ্ছে। কার্ডবিহীন জেলেদের বিষয়টি আবেদন ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে দেখা হচ্ছে। তবে নিষেধাজ্ঞার সময় পরিবর্তনের বিষয়টি মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
সব মিলিয়ে ঋণ, জীবিকা অনিশ্চয়তা ও মৌসুমি বন্ধের কারণে কক্সবাজারের প্রায় দুই লাখ মৎস্যজীবীর জীবন এখন কঠিন বাস্তবতার মুখে। দ্রুত কার্যকর সহায়তা ও নীতিগত সমাধান না এলে উপকূলীয় অঞ্চলে মানবিক সংকট আরও গভীর হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

Leave A Reply


Math Captcha
6 + 1 =