কক্সবাজারের রামুতে রাবার বাগানের জঙ্গল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শামসুল আলম (৫৩) কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার বাসিন্দা এবং পেশায় একজন টমটম চালক ছিলেন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের একটি রাবার কারখানার পূর্বপাশে জঙ্গলের ভেতরের একটি ঝিরি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, নিহতের পরিচয় শনাক্ত করা গেছে। তিনি পেশায় অটোরিকশা (টমটম) চালক ছিলেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

