Saturday, April 18

চট্টগ্রাম প্রেস ক্লাব ও বর্তমান ব্যবস্থাপনা কমিটিকে বিতর্কিত করার অপচেষ্টা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাব-এর নেতৃবৃন্দ।

শুক্রবার এক যৌথ বিবৃতিতে তারা বলেন, লন্ডনপ্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের চট্টগ্রামের এক ব্যক্তির প্ররোচনায় তার ফেসবুক পেজে একপেশে ও মানহানিকর তথ্য প্রকাশ করেছেন। তাদের দাবি, এটি বর্তমান গণতান্ত্রিক সরকারের বিভিন্ন মহলকে বিভ্রান্ত করার অপচেষ্টা।

বিবৃতিতে বলা হয়, অতীতে ফ্যাসিস্ট সরকারের দুর্নীতি নিয়ে সাহসী প্রতিবেদনের মাধ্যমে জুলকারনাইন সায়ের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসা অর্জন করেছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তিনি চট্টগ্রাম প্রেস ক্লাব সম্পর্কে যে পোস্ট দিয়েছেন, তা একপেশে ও উসকানিমূলক। নেতৃবৃন্দের অভিযোগ, একটি গোষ্ঠী তাকে বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করছে।

তারা জানান, ক্লাবের সামাজিক সমাবেশ (হাউজি) কার্যক্রম দীর্ঘদিন ধরে নিয়ম মেনে পরিচালিত হয়ে আসছে এবং এর আয় সদস্যদের কল্যাণে ব্যয় হয়। জাতীয় প্রেস ক্লাবসহ দেশের বিভিন্ন ক্লাবেও এ ধরনের কার্যক্রম চালু রয়েছে। পূর্ববর্তী কমিটিগুলোর সময়েও এটি চলমান ছিল।

বিবৃতিতে আরও দাবি করা হয়, গত ১৭ বছর একটি নির্দিষ্ট সাংবাদিক গোষ্ঠী ক্লাবটি নিয়ন্ত্রণ করেছে এবং ভিন্নমতাবলম্বীদের প্রবেশাধিকার সীমিত ছিল। বর্তমানে সেই পরিস্থিতি বদলেছে বলেও উল্লেখ করা হয়।

বর্তমান কমিটির পক্ষ থেকে বলা হয়, অপপ্রচারে না জড়িয়ে প্রকৃত তথ্য যাচাইয়ের আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে জুলকারনাইন সায়েরকে সরাসরি কমিটির সঙ্গে কথা বলে বাস্তব পরিস্থিতি পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয়েছে।

Leave A Reply


Math Captcha
31 − 21 =