Friday, September 18

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার আকমল আলী পকেটগেট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা ওসমান গণির পরিচালিত একটি ‘জুয়ার ক্লাব’ গুঁড়িয়ে দিয়েছে পুলিশ ও চট্টগ্রাম সিটি করপোরেশন।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা। এ সময় ইপিজেড থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, এর আগে গত ৩ জুন ওসমান গণির পরিচালিত আরেকটি জুয়ার আসর উচ্ছেদ করা হয়েছিল। এরপর কিছুদিন কার্যক্রম বন্ধ রাখলেও সম্প্রতি প্রশাসনের নজর এড়িয়ে নতুন করে আরেকটি জুয়ার আসর পরিচালনা শুরু করেন তিনি বলে অভিযোগ রয়েছে।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, আওয়ামী লীগ সরকারের আমলে ওসমান গণি এলাকায় প্রভাবশালী যুবলীগ নেতা হিসেবে পরিচিত ছিলেন। সিইপিজেডসহ আশপাশের এলাকায় তার একাধিক জুয়ার আসর রয়েছে বলেও অভিযোগ রয়েছে।

তবে জুয়ার আসর পরিচালনার অভিযোগে ওসমান গণিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তার গ্রামের বাড়ি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সংলগ্ন হাটহাজারীর ফতেপুর এলাকায়। নগরীর আকমল আলী রোডেও তার বাসা রয়েছে।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন, গত ১৫-১৬ বছর ধরে ওসমান গণি জুয়ার আসর পরিচালনা করে আসছেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। প্রায় তিন মাস আগে তার একটি জুয়ার আসর উচ্ছেদ করা হয়েছিল।

ওসি বলেন, এরপর জঙ্গলের ভেতরে গিয়ে তিনি আরেকটি জুয়ার আসর তৈরি করেন। পাঁচ দিন আগে সেখানে অভিযান চালিয়ে ছয়জন জুয়ারিকে গ্রেপ্তার করা হয়। ওই অভিযানে প্রায় ৩৪ হাজার টাকা জব্দ করা হয়। এবার জুয়ার আসরটি ভেঙে দেওয়া হয়েছে।

এর আগে গত ৫ সেপ্টেম্বর ‘নিষিদ্ধ যুবলীগ নেতার ‘জুয়ার ক্লাব’, ভাগ-বাটোয়ারায় চলছে নির্বিঘ্নে’ শিরোনামে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে আগামীর সময়।

Leave A Reply


Math Captcha
14 + = 24