Thursday, November 5

চট্টগ্রামের মীরসরাইয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের গাড়িবহরকে লক্ষ্য করে লাল কার্ড প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চে চট্টগ্রাম যাওয়ার পথে মীরসরাইয়ে আয়োজিত একটি পথসভা অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।

লাল কার্ড প্রদর্শনকারী যুবকের নাম তৌহিদুল ইসলাম নিশান। তিনি মীরসরাই উপজেলা ছাত্রদলের ক্রীড়া কমিটির সদস্য বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে আয়োজিত পথসভায় বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়। এ সময় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতাদের বহনকারী গাড়িবহর সভাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় এক যুবককে গাড়িবহরের দিকে লাল কার্ড প্রদর্শন করতে দেখা যায়।

ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে অল্প সময়ের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অনেকে ওই যুবকের পদক্ষেপের প্রশংসা করেছেন। অন্যদিকে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে সমালোচনা দেখা গেছে।

এ বিষয়ে মীরসরাই পৌর বিএনপির সদস্যসচিব কামরুল হাসান লিটন বলেন, ‘আমাদের সরকারের মাত্র ছয় মাস হয়েছে। কিছু সংকট পূর্বের সৃষ্টি করা, যা সামাল দিতে কিছুদিন সময় দেওয়া উচিত। অথচ তারাও একসময় আমাদের অংশ ছিল। দেশে উসকানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধে এটি ছিল একটি শান্তিপূর্ণ প্রতিবাদ।’

ঘটনার বিষয়ে তৌহিদুল ইসলাম নিশান বলেন, ‘অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং জনভোগান্তি ও দুর্ভোগের প্রতিবাদে লাল কার্ড প্রদর্শন করেছি। আমার এই লাল কার্ড প্রদর্শনে কোনো একটি গোষ্ঠীর গাত্রদাহ শুরু হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘খেয়াল করলে দেখবেন, আমি শুধু লাল কার্ডই প্রদর্শন করেছি। এখানে কোনো গালি দিইনি, জুতো বা ঝাড়ু দেখাইনি। এমনকি কারও মা-বাবা, ভাই-বোন নিয়েও কোনো গালমন্দ করিনি। একটু বিচার-বিশ্লেষণ করলেই বিষয়টি বোধগম্য হবে।’

এদিকে ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চ শনিবার সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে। পথে বিভিন্ন স্থানে পথসভা শেষে রাতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

Leave A Reply


Math Captcha
36 + = 37