Thursday, November 5

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা বেগম (৪৭) নামে ওই নারী মারা যান। একই সময়ে নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে ৭৮ জনের।

বুধবার বিকেলে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো ২৪ ঘণ্টার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য এতে অন্তর্ভুক্ত রয়েছে।

সর্বশেষ মারা যাওয়া খালেদা বেগম রাউজানের নোয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি গত ৩১ আগস্ট নগরের পার্কভিউ হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় তার ডেঙ্গু এনএস-১ পজিটিভ আসে। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ নিয়ে চট্টগ্রামে গত এক সপ্তাহে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হলো। এর আগে গত ২৭ ও ২৮ আগস্ট নগরের দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত আরও দুজনের মৃত্যু হয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৮৭ জন।

চলতি সেপ্টেম্বরের প্রথম দুই দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৫০ জন। এ সময়ে মারা গেছেন একজন। এর আগে আগস্ট মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ হাজার ২০২ জন। ওই মাসে মৃত্যু হয়েছে দুজনের।

চিকিৎসকরা বলছেন, আগস্ট থেকেই চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। সেপ্টেম্বর ও অক্টোবর মাস ডেঙ্গুর জন্য তুলনামূলক বেশি ঝুঁকিপূর্ণ হওয়ায় এ সময়ে আক্রান্তের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

তবে সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত পরিসংখ্যান কেবল সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়। ফলে প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ, অনেক বেসরকারি হাসপাতাল ও রোগ নির্ণয় কেন্দ্র ডেঙ্গু শনাক্তের তথ্য নিয়মিতভাবে সিভিল সার্জন কার্যালয়ে পাঠায় না।

Leave A Reply


Math Captcha
42 + = 47