দয়াময় আল্লাহতাআলার পরম রহমত হিসেবে সমগ্র মানবমণ্ডলীর দোজাহানের সর্বকল্যাণ ও মুক্তি সাধনায় দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন উপলক্ষে ‘ঈদে আজম’ উদযাপন করেছে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন।
মঙ্গলবার সংগঠন দুটির উদ্যোগে চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি লালদিঘী মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা, সালাতু সালাম ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সারতাজ। এতে শতাধিক পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম, চিন্তাবিদ, গবেষক, দার্শনিক ও শিক্ষাবিদ উপস্থিত ছিলেন। বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষও এতে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, দয়াময় আল্লাহতাআলার সর্বোচ্চ রহমত হিসেবে সমগ্র মানবমণ্ডলীর জন্য সত্যের আলো ও মুক্তির উৎস এবং সকল গুণ, জ্ঞান ও কল্যাণের মূল হিসেবে দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন আল্লাহতাআলাকে পাওয়ার পরম শোকরিয়া ও সর্বোচ্চ ঈদ—ঈদে আজম।
বক্তারা বলেন, দয়াময় স্রষ্টার মহান রাসুলই সর্বসৃষ্টির জন্য স্রষ্টার আলো, বন্ধন ও সর্বোচ্চ অনুগ্রহ। স্রষ্টার পক্ষ থেকে মহান রাসুলই সমগ্র মানবমণ্ডলীর জন্য সকল জ্ঞান-বিজ্ঞান, সকল গুণ ও সকল কল্যাণের উৎস।
মহান রাসুলকে জীবনের জ্ঞান ও মানবতার প্রাণ উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, সত্য ও মানবতার মহান রাসুলের দিশা ব্যতীত স্রষ্টার সঙ্গে মানুষের বন্ধন যেমন পূর্ণ হয় না, তেমনি মহান রাসুলের দিশা ব্যতীত মানবিক অস্তিত্ব, মানবজীবন, জীবনের রাষ্ট্র ও জীবনের দুনিয়াও সঠিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে না। তাঁর দিশা থেকে বিচ্যুত হলে জীবন ও জগত মিথ্যা, অবিচার, শোষণ, সন্ত্রাস, পাশবিকতা, দস্যুতা ও স্বৈরতার শিকারে রুদ্ধ ও ধ্বংস হয়ে যায়।
নেতৃবৃন্দ বলেন, সকল মানুষের জীবনের সুরক্ষা, স্বাধীনতা, মর্যাদা ও কল্যাণের স্বার্থে অবশ্যই প্রিয় রাসুলকেন্দ্রিক হতে হবে। তাঁদের মতে, প্রিয় রাসুলের প্রদত্ত মানবতার রাষ্ট্র ও মুক্ত জীবনের অখণ্ড দুনিয়া ‘খেলাফতে ইনসানিয়াত’ ছাড়া বিধ্বস্ত ও মৃত মানবতাকে বাঁচানোর কোনো উপায় নেই।
বক্তারা প্রাণাধিক প্রিয়নবী প্রদত্ত ঈমানি জীবন এবং মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়া ‘খেলাফতে ইনসানিয়াত’ প্রতিষ্ঠার লক্ষ্যে সত্য ও মানবতার উৎস ‘ঈদে আজম’ উদযাপনের আহ্বান জানান।

