Friday, November 6

মৌসুমি বায়ুর প্রভাবে টানা পঞ্চম দিনের মতো ভারী বৃষ্টিতে কার্যত অচল হয়ে পড়েছে চট্টগ্রামের জনজীবন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৪৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর, যা অতি ভারী বৃষ্টির পর্যায়ে পড়ে।

সকালে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও আকাশে ঘন কালো মেঘ থাকায় যেকোনো সময় আবারও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় আগামী আরও দুই দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

টানা বর্ষণে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সড়কে যান চলাচল কমে গেছে, অফিস-আদালত ও কর্মস্থলে যেতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। অনেক এলাকায় পানি জমে থাকায় জরুরি প্রয়োজনেও ঘর থেকে বের হতে পারছেন না মানুষ।

অবিরাম বৃষ্টিতে পাহাড়ধসের ঝুঁকিও বেড়েছে। গত তিন দিনে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি ও বান্দরবানে পাহাড়ধসে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার ভোরে বান্দরবানের লামা উপজেলার মিশনপাড়ায় পৃথক দুটি পাহাড়ধসে দুই পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন।

এদিকে রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় টানা দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রাম নগরের সুন্নিয়া মাদ্রাসা এলাকা থেকে শমসেরপাড়া পর্যন্ত রেলপথ ডুবে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পানি নেমে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার চট্টগ্রামে ৪১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা গত ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ।

Leave A Reply


Math Captcha
38 − = 30