চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে একটি পাথরবোঝাই লাইটার জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার ভোরে নেভাল একাডেমির বিপরীতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কোস্টগার্ড অভিযান চালিয়ে জাহাজে থাকা ১২ জনকে জীবিত উদ্ধার করেছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, ভোর সাড়ে ৫টার দিকে নেভাল একাডেমির বিপরীতে ট্রেনিং ওয়ালের পাশে ‘এমভি বে হারবার-২’ নামের লাইটার জাহাজটি আংশিক ডুবে যায়। দুর্ঘটনার পরও বন্দর চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে এবং এতে কোনো বিঘ্ন ঘটেনি।
কোস্টগার্ডের জনসংযোগ শাখা জানায়, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করা হয়। প্রথমে আটজন এবং পরে আরও চারজনকে জীবিত উদ্ধার করা হয়।
বন্দর সূত্রে জানা গেছে, ডুবে যাওয়া ‘এমভি বে হারবার-২’ বে হারবার লিমিটেডের মালিকানাধীন। জাহাজটিতে পাথর বোঝাই ছিল। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং জাহাজটি উদ্ধারে মালিকপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

