নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের হাটহাজারীতে খেলনা রিভলভার ও দেশীয় ধারালো অস্ত্রসহ চার কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।
এর আগে শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আলম কোম্পানির বাড়ি এলাকা থেকে স্থানীয়রা তাদের আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে হেফাজতে নেয়।
গ্রেপ্তাররা হলেন উপজেলার আমান বাজার এলাকার ফয়সাল ইসলাম জিহাদ (১৭) এবং নতুনপাড়া এলাকার আরিফুল হক ওরফে বাদশাহ (১৯), হাসান মুরাদ (১৮) ও ওয়াহিদুজ্জামান রাকিব (১৬)।
স্থানীয় সূত্র জানায়, চিকনদণ্ডী ইউনিয়নসহ আশপাশের এলাকায় গার্মেন্টসকর্মী ও পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে চারজন পালানোর চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া দিয়ে নতুনপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করে।
এ সময় তাদের কাছ থেকে একটি খেলনা রিভলভার, একটি রামদা, দুটি ছুরি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
আটকের পর উত্তেজিত জনতা তাদের মারধরের চেষ্টা করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং উদ্ধার হওয়া অস্ত্র জব্দ করে।
হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০২৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

