Friday, November 6

চট্টগ্রাম প্রতিনিধি:

মিথ্যা, অবিচার ও স্বৈরতন্ত্রের কবল থেকে সত্য, ন্যায় ও মানবতার মুক্তির প্রত্যয়ে পবিত্র শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে চট্টগ্রামে সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) নগরীর পুরাতন রেলস্টেশন চত্বরে এ কর্মসূচির আয়োজন করে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন, বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখা।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সারতাজ। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা এমদাদুল হক সায়ীফ, আল্লামা ইলিয়াস শাহ, আল্লামা নঈম উদ্দীন, আল্লামা রেজাউল কাউছার এবং সাবিনা সাআদাত সাফা।

বক্তারা বলেন, পবিত্র ১০ মহররম তথা শাহাদাতে কারবালা দিবস মুসলিম উম্মাহর জন্য ঈমানি চেতনা, আত্মত্যাগ ও সত্য প্রতিষ্ঠার এক অনন্য স্মারক। তারা এ দিনটিকে মুসলিম মিল্লাতের মহান ঈমানি জাতীয় শহীদ দিবস হিসেবে উল্লেখ করেন।

নেতৃবৃন্দ বলেন, হযরত ইমাম হুসাইন (রাদিয়াল্লাহু আনহু)-এর মহান শাহাদাতের মাধ্যমে সত্য, ন্যায় ও মানবমুক্তির যে আদর্শ প্রতিষ্ঠিত হয়েছে, তা যুগে যুগে মানুষের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। কারবালার ঘটনা কেবল একটি ঐতিহাসিক ট্র্যাজেডি নয়; বরং অন্যায়, জুলুম ও স্বৈরাচারের বিরুদ্ধে সত্যের সংগ্রামের চিরন্তন প্রতীক।

তারা আরও বলেন, আহলে বাইতের প্রতি ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ এবং তাঁদের আদর্শ অনুসরণই মানবতা, ন্যায়বিচার ও সত্যের পথে চলার অন্যতম ভিত্তি। কারবালার শাহাদাত মানবিক মর্যাদা, ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা এবং মৌলিক মানবাধিকারের সুরক্ষার জন্য আত্মত্যাগের সর্বোচ্চ দৃষ্টান্ত।

বক্তারা দাবি করেন, কারবালার মহান আত্মত্যাগ ইসলামের মৌলিক আদর্শ, তাওহীদ ও রিসালাতভিত্তিক চেতনা সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা বর্তমান প্রজন্মকে কারবালার শিক্ষা ধারণ করে সত্য ও ন্যায়ের পথে অটল থাকার আহ্বান জানান।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা একটি শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Leave A Reply


Math Captcha
+ 30 = 36