মোঃ আরাফাত চৌধুরী, চট্টগ্রাম
ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) চট্টগ্রাম জোনের উদ্যোগে আজ চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বিতর্ক আয়োজন “ওয়ার্ল্ড কাপ ডিবেট ২০২৬”।
“বিশ্বকাপে আমিই সেরা” শীর্ষক এই আয়োজনে এনডিএফ বিডির ফাউন্ডেশন ডিবেট কোর্সের ছয়জন প্রশিক্ষণার্থী তার্কিক বিশ্বকাপের জনপ্রিয় ছয়টি দলকে প্রতিনিধিত্ব করেন। সেসময় তারা প্রতিযোগিতায় যুক্তি, উপস্থাপনা ও তাৎক্ষণিক বিশ্লেষণী দক্ষতার সমন্বয়ে নিজেদের সেরাটা তুলে ধরেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ বিডির চেয়ারম্যান একেএম শোয়াইব। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির আউটরিচ কমিটির কনভেনার প্রফেসর ড. ইমন কল্যাণ, রেজিস্ট্রার আনজুমান বানু লিমা ও এনডিএফ বিডির কো চেয়ারম্যান জুয়েল চৌধুরী।
বক্তারা বলেন, বিতর্কচর্চা তরুণদের মধ্যে যুক্তিবোধ, নেতৃত্ব, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং কার্যকর যোগাযোগ দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা নতুন প্রজন্মকে যুক্তিনির্ভর, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিযোগিতায় জার্মানি দলের প্রতিনিধিত্ব করেন আরণ্য সাহ, ফ্রান্স দলের প্রতিনিধিত্ব করেন জোয়াইরা মেহেজাবীন নিয়ন্তা, স্পেন দলের প্রতিনিধিত্ব করেন আজওয়াদ চৌধুরী, পর্তুগাল দলের প্রতিনিধিত্ব করেন আদিল আরেফিন, আর্জেন্টিনা দলের প্রতিনিধিত্ব করেন রামিসা ফারজানা এবং ব্রাজিল দলের প্রতিনিধিত্ব করেন সামিয়া ইসলাম।
বিতর্ক পর্ব শেষে কাহন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় সর্বোচ্চ নম্বর অর্জন করে চ্যাম্পিয়ন হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৌরভ ভট্টাচার্য, প্রথম রানার আপ হন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী অবন্তিকা তালুকদার, দ্বিতীয় রানার আপ হন চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী প্রমিত, তৃতীয় রানার আপ হন ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজের শোয়াইব এবং চতুর্থ রানার আপ হন চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী মোছাম্মদ কাউসারা সুলতানা নিতু। পরবর্তীতে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

