Friday, November 6

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে পাঁচ বছর বয়সী শিশু আলিনা ইসলাম আয়াত হত্যা মামলার প্রধান আসামি মো. আবিরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আলোচিত এই মামলার রায় ঘোষণা করা হয় বুধবার (১৭ জুন) দুপুরে।

চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আলী আক্কাস বেলা পৌনে ১টার দিকে এ রায় ঘোষণা করেন।

মামলার রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি জালাল উদ্দিন জানান, বিচারিক প্রক্রিয়ায় মোট ৩৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সাক্ষ্য-প্রমাণ ও উপস্থাপিত তথ্যের ভিত্তিতে আদালত প্রধান আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেন।

আদালত ও তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৫ নভেম্বর চট্টগ্রাম নগরের ইপিজেড থানার বন্দরটিলা এলাকার বাসিন্দা সোহেল রানার পাঁচ বছর বয়সী মেয়ে আলিনা ইসলাম আয়াত নিখোঁজ হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ইপিজেড থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পরবর্তীতে পরিবারের আবেদনের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ছায়া তদন্ত শুরু করে। তদন্তে উঠে আসে, আয়াতকে অপহরণ ও হত্যার ঘটনায় তাদের বাসার ভাড়াটে মো. আবির জড়িত ছিলেন।

গ্রেপ্তারের পর আদালতে দেওয়া জবানবন্দিতে আবির হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে তদন্ত কর্মকর্তারা জানান।

পিবিআইয়ের তদন্তে জানা যায়, মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে শিশুটিকে অপহরণ করা হয়েছিল। তবে পরিকল্পনা ব্যর্থ হয়ে গেলে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে মরদেহ খণ্ডিত করে সাগরপাড় ও খালের পাশে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।

তদন্ত শেষে ২০২৩ সালের ১০ অক্টোবর পিবিআইয়ের তৎকালীন পরিদর্শক মনোজ দে আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে মো. আবিরের পাশাপাশি ১৭ বছর বয়সী আরেক কিশোরকে আসামি করা হয়। আইনগত কারণে ওই কিশোরের পরিচয় প্রকাশ করা হয়নি।

বর্তমানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবির কারাগারে রয়েছেন। অপরদিকে কিশোর আসামির বিচার শিশু আদালতে চলমান রয়েছে।

দেশজুড়ে আলোড়ন তোলা এই হত্যাকাণ্ডের রায়ে নিহত আয়াতের পরিবার ন্যায়বিচার প্রতিষ্ঠার আশা প্রকাশ করেছে।

Leave A Reply


Math Captcha
4 + 3 =