Sunday, November 29

‘মা, তুমি কবে আসবে? তোমাকে ছাড়া আমি আর থাকতে পারব না, আমার আর থাকা হবে না। আমি আর পারছি না। কেউ আমাকে বোঝে না, তুমি বোঝো।’

ফোনে মায়ের সঙ্গে শেষবার এভাবেই কথা বলেছিল নিসর্গ হোসেন তূর্য। মাকে কাছে পাওয়ার আকুতি জানিয়ে বলা সেই কথাগুলো এখন কেবলই স্মৃতি।

তূর্যের বাবা শাহাদাৎ হোসেন নিপু আগামীর সময়ের কাছে শেষ ফোনালাপের কথা স্মরণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পৃথিবীর মায়া ত্যাগ করে ১৫ বছর বয়সী বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর নিসর্গ হোসেন তূর্য। তার মা শারমিন সুলতানা প্রায় দুই মাস ধরে কারাগারে বন্দি।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৩ অক্টোবর লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে শারমিন সুলতানাকে আটক করে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। শারমিন সুলতানা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুব মহিলা লীগের সাবেক নেত্রী ছিলেন।

স্বজনদের অভিযোগ, রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকায় পারিবারিক বিরোধের সূত্র ধরে তৈরি হওয়া পরিস্থিতি দ্রুত রাজনৈতিক মারপ্যাঁচে রূপ নেয়।

মাকে কারাগারে নেওয়ার পর থেকে তূর্যকেও তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। তবে সপ্তাহে একবার ফোনে কথা বলার সুযোগ দেওয়া হতো। সর্বশেষ মায়ের সঙ্গে কথা বলার সময় তূর্য তাকে ফিরে আসার আকুতি জানিয়েছিল বলে জানান বাবা শাহাদাৎ হোসেন নিপু।

তূর্যের বাবা শাহাদাৎ হোসেন নিপু একজন আবৃত্তিশিল্পী। তিনি বাংলা একাডেমিতে কর্মরত ছিলেন। কিছুদিন আগেই অবসরে গেছেন। আজ শনিবার দুপুরে আগামীর সময়ের সঙ্গে কথা বলার সময় তিনি কাশিমপুর কারাগার থেকে সন্তানের মরদেহ নিয়ে ফিরছিলেন।

শাহাদাৎ হোসেন বলেন, প্যারোলে মুক্তির প্রক্রিয়াটি সময়সাপেক্ষ। ডিসি বরাবর আবেদন করতে হয়। এরপর অনুমতি পেলেও নানা ধরনের জটিলতা থাকে। সাপ্তাহিক ছুটির কারণে ডিসি অফিসও বন্ধ।

তিনি বলেন, ‘এজন্য আমাদের মরদেহ কারাগারে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আমরা সেখানে নিয়ে গেছি। কারাগারের লোকজন সহযোগিতা করেছেন। তূর্যের মায়ের সঙ্গে সেখানেই দেখা হয়েছে। এখন আমরা ঢাকার পথে আছি।’

তূর্যের মৃত্যু কীভাবে হয়েছে জানতে চাইলে শাহাদাৎ হোসেন বলেন, ‘বাথরুমে পড়েছিল, সম্ভবত স্ট্রোক করেছে। আমরা যখন দেখি অনেকক্ষণ ধরে বাথরুম থেকে বের হচ্ছে না। তখন দরজা খুলে দেখি পড়ে আছে। স্ট্রোকই হবে। ও মানসিক যন্ত্রণায় ছিল। তাছাড়া ছোটবেলা থেকে বিভিন্ন রোগেও আক্রান্ত ছিল।’

তূর্যের দাফন কোথায় হবে জানতে চাইলে শাহাদাৎ হোসেন বলেন, ‘আজকেই বাদ আসর আজিমপুর ছাপড়া মসজিদে জানাজার নামাজ হবে। তারপরে মোহাম্মদপুরের তাজমহল রোডে দাফন করা হবে। ওখানে তূর্যের দাদার কবরের পাশে তাকে দাফন করা হবে।’

Leave A Reply


Math Captcha
43 − = 34