Sunday, November 29

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। সেই সঙ্গে বাড়ছে শীতের অনুভূতি। বিশেষ করে রাত ও ভোরে আবহাওয়ায় শীতের আমেজ স্পষ্ট হচ্ছে। ঢাকার পাশাপাশি দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকায়ও শীত অনুভব করতে শুরু করেছেন মানুষ। ডিসেম্বরের শুরুতে শীত জেঁকে বসতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে।

আগামী রোববার পর্যন্ত সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এরপর সোমবার থেকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়ার প্রচলিত ধারায় সেপ্টেম্বরের মাঝামাঝি শীতের অনুভূতি শুরু হয়। নভেম্বর নাগাদ তা স্পষ্ট হয়ে ওঠে। ডিসেম্বর ও জানুয়ারিতে শীতের তীব্রতা বাড়ে এবং ফেব্রুয়ারিতে ধীরে ধীরে কমে আসে। তবে সাম্প্রতিক বছরগুলোয় এ ধারায় পরিবর্তন দেখা যাচ্ছে। শীতের আগমন পিছিয়ে যাচ্ছে, বাড়ছে এ মৌসুমের গড় তাপমাত্রাও।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, ‘শীত বলতে সাধারণত ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচের তাপমাত্রা বোঝায়। সাম্প্রতিক বছরগুলোয় শীতের মৌসুম শুরু হচ্ছে নভেম্বরে এসে। এল নিনো সক্রিয় থাকায় এবার খুব বেশি শীত পড়বে বলে মনে হচ্ছে না। শৈত্যপ্রবাহ হলেও তা অল্প কয়েকদিনের জন্য হতে পারে। সামগ্রিকভাবে এ মৌসুমে কিছুটা উষ্ণ বা তুলনামূলক কম শীতের পূর্বাভাস রয়েছে।’

গতকাল শুক্রবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সন্দ্বীপে ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তিন দিনের ব্যবধানে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা কমেছে সাড়ে তিন ডিগ্রি সেলসিয়াসের বেশি। গত মঙ্গলবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তা কমে দাঁড়িয়েছে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। নভেম্বরের শেষদিকে তাপমাত্রা কমার এ প্রবণতা শীতের আগমনী বার্তা দিচ্ছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে শীতের অনুভূতি তুলনামূলক বেশি।

আবহাওয়া অধিদপ্তরের মানদণ্ড অনুযায়ী, সর্বনিম্ন তাপমাত্রার ভিত্তিতে শৈত্যপ্রবাহকে চার ভাগে ভাগ করা হয়। তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি হলে মাঝারি, ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রিকে তীব্র এবং ৪ ডিগ্রি বা এর নিচে নামলে অতিতীব্র শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য করা হয়। সাধারণত মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহের সময়ই দেশে হাড়কাঁপানো শীত অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের তিন মাসের (নভেম্বর থেকে জানুয়ারি) পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে দেশে আট থেকে ১০টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি মাঝারি এবং একটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি—তিন মাসেই দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ বজলুর রশিদ বলেন, ‘বাংলাদেশে শীতের তীব্রতা নির্ধারণে সাইবেরিয়ান উচ্চ চাপবলয় ও উত্তর-পশ্চিমা বায়ুপ্রবাহ বড় ভূমিকা রাখে। শীতকালে সূর্য দক্ষিণ গোলার্ধে অবস্থান করায় সাইবেরিয়া ও হিমালয় অঞ্চলে বায়ুচাপ বেড়ে যায়। এর ফলে হিমালয়ের পাদদেশ দিয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে শীতল ও শুষ্ক বাতাস বাংলাদেশে প্রবেশ করে। এ বায়ুপ্রবাহ যত শক্তিশালী ও বাধাহীন হয়, শীতের তীব্রতা এবং শৈত্যপ্রবাহের প্রবণতাও তত বাড়ে।’

এদিকে উত্তরের হিমালয়কন্যা হিসেবে পরিচিত পঞ্চগড় জেলায় জেঁকে বসতে শুরু করেছে শীত। টানা চার দিন ধরে জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। ভোরের হালকা কুয়াশা আর রাতভর বয়ে চলা হিমেল বাতাসে জনজীবনে শীতের অনুভূতি ক্রমেই বাড়ছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্যমতে, চলতি সপ্তাহের শুরু থেকেই এ অঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করেছে। গত মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (২৫ নভেম্বর) তা আরও কমে দাঁড়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রিতে এবং বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রেকর্ড করা হয় ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে দেখা গেছে, দিনের বেলায় সূর্যের তাপ থাকায় শীতের প্রকোপ কিছুটা কম অনুভূত হচ্ছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে উত্তরের হিমেল হাওয়ায় বাড়তে থাকে শীতের দাপট, যা রাত গভীর হলে আরও তীব্র হয়। ভোরের দিকে কুয়াশা কম থাকলেও কনকনে ঠান্ডা বাতাস উপেক্ষা করে জীবিকার তাগিদে মাঠ ও কর্মস্থলে ছুটছেন কৃষক এবং নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, এ অঞ্চলে তাপমাত্রা ধীরে ধীরে কমছে। আগামী ডিসেম্বর মাসে পঞ্চগড় ও এর আশপাশের এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave A Reply


Math Captcha
− 4 = 3