Tuesday, November 24

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়ে নিতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন সর্বোচ্চ আদালত।

সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন ব্যারিস্টার বেলায়েত হোসেন ও অ্যাডভোকেট কাজী জয়নাল আবেদীন। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা।

আদেশের পর নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, হাইকোর্টের আদেশে দুটি অন্তর্বর্তীকালীন নির্দেশনা ছিল। একটি হলো, অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না। অন্যটি হলো, ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন গ্রহণের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে রাখতে হবে। আপিল বিভাগ দুটি নির্দেশনাই স্থগিত করেছেন। ফলে বিশ্ববিদ্যালয়গুলো এখন নিজস্ব আইন, নীতিমালা ও নিয়ম অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে।

অ্যাটর্নি জেনারেল বলেন, গত ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠকে অকৃতকার্য ও রেফার্ড শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে অনুরোধ করা হয়েছিল। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব নিয়ম ও নীতিমালা অনুযায়ী ভর্তি পরীক্ষা পরিচালনা করতে পারবে বলেও সেখানে স্পষ্ট করা হয়েছিল। বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় ইউজিসি গত ১৮ নভেম্বর বৈঠক করে আগের সিদ্ধান্ত প্রত্যাহার ও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।

তিনি আরও বলেন, সরকার দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ নষ্ট হওয়া থেকে রক্ষা করতে পুনঃপরীক্ষার সুযোগ দিয়েছে। একই সঙ্গে খাতা পুনর্মূল্যায়নেরও ব্যবস্থা করা হয়েছে। তবে সরকারের দেওয়া এই সুযোগকে অন্য শিক্ষার্থীদের অধিকার ক্ষুণ্ন করার ভিত্তি হিসেবে দেখার সুযোগ নেই। নির্দিষ্টসংখ্যক শিক্ষার্থীর বিষয় বিবেচনা করতে গিয়ে বিপুলসংখ্যক মেধাবী শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম আটকে রাখা যুক্তিসংগত নয়।

অ্যাটর্নি জেনারেল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় করোনাকালীন সেশনজট কাটিয়ে বর্তমানে নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষার সময়সূচি পিছিয়ে গেলে আবারও সেশনজট তৈরির আশঙ্কা রয়েছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পর দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ভর্তি কার্যক্রম এগিয়ে নেওয়া হয়। ফলে একটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিলম্বিত হলে সামগ্রিক ভর্তি কার্যক্রমেও প্রভাব পড়তে পারে।

তিনি জানান, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা পাঁচ লাখের বেশি। তবে পুনঃপরীক্ষার সুযোগ নিতে আবেদন করেছেন এক লাখেরও কম শিক্ষার্থী। তাঁদের ফল প্রকাশের অপেক্ষায় বিপুলসংখ্যক উত্তীর্ণ শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম আটকে রাখা উচিত নয় বলে রাষ্ট্রপক্ষ আদালতে যুক্তি তুলে ধরেছে।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, পুনঃপরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা সবাই উত্তীর্ণ হবেন, এমন নিশ্চয়তা নেই। অন্যদিকে, যাঁরা এবার এ সুযোগ নিচ্ছেন না, তাঁরা আগামী বছর নতুন করে পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হতে পারেন।

এর আগে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। গত বুধবার দেওয়া ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত ১৮ নভেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন। একই সঙ্গে এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের আগে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা জানিয়েছিলেন, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছেন। আগামী ২৩ ডিসেম্বর এসব আবেদনের ফল প্রকাশের কথা রয়েছে। পুনর্মূল্যায়নের ফলের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নিয়ে হাইকোর্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার আদেশ দিয়েছিলেন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হওয়ার কথা রয়েছে। আপিল বিভাগের সর্বশেষ আদেশের ফলে নির্ধারিত সূচি অনুযায়ী এ ভর্তি পরীক্ষা আয়োজনের পথ খুলেছে।

Leave A Reply


Math Captcha
44 − 39 =