ভোরের ঘন কুয়াশার মধ্যে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামী লীগের নেতা আবদুল জলিল।
সোমবার (২৩ নভেম্বর) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ মাওনা চৌরাস্তা এলাকায় এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা। ভোর ৬টা থেকে ৬টা ২৫ মিনিট পর্যন্ত চলা কর্মসূচির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভোরের ঘন কুয়াশার মধ্যে মাওনা চৌরাস্তা উড়ালসেতুর উত্তর পাশ থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি উড়ালসেতুর দক্ষিণ পাশে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন নেতারা।
কর্মসূচিতে মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভায় আবদুল জলিল উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানান। ঘন কুয়াশা উপেক্ষা করে ভোরে কর্মসূচিতে অংশ নেওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এ সময় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন আবদুল জলিল।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানতে পেরে তারা খোঁজখবর নিয়েছেন। তবে সব মাধ্যমেই বলা হচ্ছে, আবদুল জলিল দেশে নেই। তাহলে তিনি কীভাবে মিছিল করলেন—এ প্রশ্ন তুলে ওসি বলেন, তারপরও তাকে খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

