Thursday, November 12

কুমিল্লা জেলার বিভিন্ন থানায় সাঁড়াশি অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে জেলার সব থানায় একযোগে বিশেষ অভিযান শুরু করা হয়।

অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেপ্তার করা হয়। পরদিন বুধবার (১১ নভেম্বর) গ্রেপ্তার করা হয় আরও ৫৬ জনকে। দুই দিনে মোট ৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, অরাজকতা সৃষ্টির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীরা নাশকতা সৃষ্টির চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না। জননিরাপত্তা রক্ষায় জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Leave A Reply


Math Captcha
15 + = 20