Monday, November 9

মনছুর আলম মুন্না, স্টাফ রিপোর্টার, কক্সবাজার

বান্দরবানের লামা উপজেলার বাইশফাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহেনুর বেগমের বিরুদ্ধে একাধিক মামলা, গ্রেপ্তারি পরোয়ানা এবং দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। মাসে ৩০ দিনের মধ্যে প্রায় ২০ দিনই তিনি বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। তবে এসব অভিযোগের পরও যথাযথ ব্যবস্থা না নেওয়ায় উপজেলা শিক্ষা বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

অভিযোগ রয়েছে, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও ভুয়া আগাম জামিননামা দেখিয়ে নিজেকে রক্ষার চেষ্টা করছেন ওই শিক্ষিকা। মামলার হাজিরা দিতে গিয়ে শিক্ষা কর্মকর্তাদের না জানিয়েই কর্মস্থলে অনুপস্থিত থাকেন তিনি। অসুস্থতার কারণ দেখিয়ে ডাকযোগে চিকিৎসাসংক্রান্ত মেডিকেল প্রতিবেদনও পাঠিয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়রের প্রভাব কাজে লাগিয়ে নানা অপকর্ম চালানোর অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

স্টাফ রিপোর্টার মনছুর আলম মুন্নার সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, শাহেনুর বেগমের বিরুদ্ধে চার থেকে পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির তথ্য পাওয়া গেছে। গত দুর্গাপূজার সময় থেকে তিনি বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে তাঁর অনুপস্থিতির প্রকৃত সময়কাল, ছুটি মঞ্জুরের বিষয়টি এবং মামলাগুলোর বর্তমান অবস্থা নিয়ে সংশ্লিষ্ট নথিপত্রে নানা প্রশ্ন রয়েছে।

বিদ্যালয়ে অনুপস্থিতির বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাকে যথাযথভাবে অবহিত না করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। চিকিৎসার জন্য গত ২৪ থেকে ২৭ অক্টোবর কক্সবাজারে অবস্থান করেন শাহেনুর বেগম। কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নেওয়ার মেডিকেল প্রতিবেদন ডাকযোগে সংশ্লিষ্ট শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা।

এক ভুক্তভোগীর অভিযোগ, ২০২২ সালে জমি কেনাকে কেন্দ্র করে শাহেনুর বেগমের সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। জমির দলিল হস্তান্তর ও প্রয়োজনীয় কাগজপত্র বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে নানা জটিলতা তৈরি করা হয়েছে। জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের সুযোগে চাপ প্রয়োগ করে জায়গাটি দখলের চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। এ ছাড়া ভুয়া দলিল তৈরি ও স্বাক্ষর জালিয়াতির চেষ্টার অভিযোগও তুলেছেন ওই ভুক্তভোগী।

অভিযোগ অনুযায়ী, জমি কেনার পর ৯০ দিনের মধ্যে হিলটেক্সের মাধ্যমে প্রয়োজনীয় দলিল ও কাগজপত্র বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত দলিল ও অন্যান্য কাগজপত্র নিয়ে জটিলতা অব্যাহত ছিল বলে দাবি করেছেন ভুক্তভোগী। স্থানীয় মেয়রের প্রভাব কাজে লাগিয়ে জমি দখলের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনায় লামা ভূমি অফিস ও সংশ্লিষ্ট বিভাগীয় দপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

প্রাপ্ত আদালতের নথিতে সি.আর. মামলা নম্বর ১৫৮/২০২৫ এবং প্রসেস নম্বর ২০৮/২০২৬ উল্লেখ রয়েছে। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৪(১)(ক) ও ৭ ধারায় মামলাটি দায়েরের তথ্য পাওয়া গেছে। নথিতে শাহেনুর বেগম (৫৪), স্বামী মৃত মো. রফিকুল ইসলাম, সাং-মধুঝিরি, ৭ নম্বর ওয়ার্ড, লামা পৌরসভা, বান্দরবান—এই ঠিকানায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির উল্লেখ রয়েছে।

বাইশফাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহেনুর বেগমের বিষয়ে লামা উপজেলা শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) দেবাশিস বিশ্বাস বলেন, ‘তিনি আমাদের জানিয়েছেন। তবে যথাযথভাবে জানাননি।’

লামা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কাজী আশরাফ মাহমুদ বলেন, ‘তিনি আমাকে জানিয়েছেন। তাঁর মেডিকেল রিপোর্ট ডাকযোগে এসেছে। আমি বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানিয়েছি।’

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিণয় চাকমা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার কপি দেখানো হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া, এমনকি সাময়িক বরখাস্তের বিষয়টিও বিবেচনা করা হতে পারে।

অভিযোগের বিষয়ে শাহেনুর বেগমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ওয়ারেন্টের বিষয়টি আমি জানি না।’

তাঁকে গ্রেপ্তার না করার বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন, ‘তাঁকে গ্রেপ্তারে ইতোমধ্যে তিনবার পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু তিনি কৌশলে পালিয়ে বেড়াচ্ছেন।’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষিকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি এবং জমি দখলসংক্রান্ত একাধিক অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রয়োজনীয় তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Leave A Reply


Math Captcha
+ 12 = 22