Thursday, October 29

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়া এবং কিশোরীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তার পরিবারের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে এক তরুণ ও তাঁর পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব মিয়া নামের এক তরুণ প্রতিবেশী দশম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে বিয়ে করতে চান। এ জন্য তাঁর পরিবারের কাছে প্রস্তাব পাঠানো হলেও কিশোরীর পরিবার তা প্রত্যাখ্যান করে। এ নিয়ে বিরোধের জেরে কিশোরীর পড়াশোনাও বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রের ভাষ্য, মঙ্গলবার বিকেলে কিশোরীর সঙ্গে দেখা করার চেষ্টা করেন রাকিব। দেখা করতে না পেরে তিনি কিশোরীর বাড়ির সামনের রাস্তায় গিয়ে পরিবারের সদস্যদের গালাগাল করেন। এর প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, এর জেরে রাকিবের পরিবারের লোকজন লাঠিসোঁটা, দা, ছুরি, রামদা ও কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে কিশোরীর পক্ষের পাঁচটি বাড়িতে হামলা চালান। এ সময় বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়। একটি নতুন মোটরসাইকেলে আগুন দেওয়ারও অভিযোগ উঠেছে।

দফায় দফায় সংঘর্ষ ও হামলায় দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাঁদের বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত দুজনকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

কিশোরীর এক চাচি অভিযোগ করেন, বিদ্যালয়ে যাওয়া-আসার পথে রাকিব তাঁর ভাতিজিকে উত্ত্যক্ত করতেন এবং হত্যার হুমকিও দিয়েছিলেন। এ কারণে দুই মাস ধরে কিশোরীর বিদ্যালয়ে যাওয়া বন্ধ রয়েছে। তাঁর দাবি, মঙ্গলবার দুপুরে কিশোরীর মাকে গালাগাল করেন রাকিব। এর প্রতিবাদ করায় রাতে পরিকল্পিতভাবে তাঁদের বাড়িতে হামলা চালানো হয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ প্রথম আলোকে বলেন, এক তরুণ গ্রামের এক কিশোরীকে বিয়ে করতে চান, কিন্তু মেয়েপক্ষ রাজি নয়। এ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে বুধবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি।

অভিযোগের বিষয়ে রাকিব মিয়া ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Leave A Reply


Math Captcha
6 + 1 =