কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় রেজু খালের ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহাপরিচালক মো. রুহুল আমিনের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। শুক্রবার (৯ অক্টোবর) সকালে খালের ঝুঁকিপূর্ণ স্থানগুলো সরেজমিনে পরিদর্শন করেন তাঁরা। এ সময় ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সূত্রে জানা যায়, রেজু খালের অব্যাহত ভাঙনে বসতবাড়ি, শত শত একর আবাদি কৃষিজমি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো হুমকির মুখে রয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের জীবন-জীবিকা নিয়ে উদ্বেগ বাড়ছে।
সম্প্রতি পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানির কক্সবাজার সফরকালে রেজু খালের ভাঙন রোধে টেকসই প্রতিরক্ষাব্যবস্থা নির্মাণের দাবিতে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত স্মারকলিপি দেওয়া হয়।
খালের পাড়ের বাসিন্দারা বলেন, রেজু খালের ভাঙন তাঁদের জীবন ও জীবিকার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সাময়িক সংস্কারের পরিবর্তে দ্রুত মজবুত ও টেকসই প্রতিরক্ষাব্যবস্থা নির্মাণের মাধ্যমে স্থায়ী সমাধান চান তাঁরা।
পরিদর্শনকালে পাউবো মহাপরিচালকের সঙ্গে উপস্থিত ছিলেন কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নূরুল ইসলাম, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরীসহ পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা।
পরিদর্শন শেষে উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বলেন, উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর বিশেষ উদ্যোগ এবং স্থানীয় বাসিন্দাদের জোরালো দাবির পরিপ্রেক্ষিতে পাউবো মহাপরিচালকের নেতৃত্বে প্রতিনিধিদলটি এলাকা পরিদর্শন করেছে।
তিনি আরও বলেন, প্রতিনিধিদল খালের সার্বিক অবস্থা এবং টেকসই বাঁধ নির্মাণের প্রয়োজনীয়তা সরেজমিনে পর্যবেক্ষণ করেছে। দ্রুত পানিসম্পদ মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পাউবোর এ পরিদর্শনের পর খালের ভাঙনকবলিত এলাকার বাসিন্দারা স্থায়ী প্রতিরক্ষাব্যবস্থা নির্মাণে দ্রুত সরকারি উদ্যোগের অপেক্ষায় রয়েছেন। তাঁদের প্রত্যাশা, সরেজমিন পরিদর্শনের পর দ্রুত প্রকল্প গ্রহণ করে টেকসই বাঁধ নির্মাণের কাজ শুরু হবে।
সংবাদ প্রেরক:
মনছুর আলম মুন্না
স্টাফ কোয়ার্টার, কক্সবাজার

