ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের দুটি বগির সংযোগ হুক ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার সকালে ঢাকা থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস। ট্রেনটি কাওরাইদ ও মশাখালী স্টেশনের মধ্যবর্তী এলাকায় পৌঁছালে হঠাৎ দুটি বগির সংযোগ হুক ভেঙে যায়। এতে ট্রেনের ‘ন’ ও ‘ত’ নম্বর বগি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বিষয়টি চালকের নজরে এলে তিনি দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস কাওরাইদ-মশাখালী স্টেশনের মধ্যবর্তী এলাকায় পৌঁছালে বগির সংযোগ হুক ভেঙে দুটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। চালক বিষয়টি বুঝতে পেরে ট্রেনটি থামিয়ে দেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি জানান, বিচ্ছিন্ন বগিগুলোর সংযোগ হুক মেরামতে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। মেরামত শেষে ট্রেনটি আবার দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে যাবে।
রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত মেরামতের কাজ শেষ করে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।

