Thursday, October 8

পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহ করা ফর্টিফাইড দুধ পান করে ১৭ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সোমবার (৫ অক্টোবর) উপজেলার টেপ্রীগঞ্জ কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা শিক্ষার্থীদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

অসুস্থ চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মনির হোসেন জানায়, দুধ পান করার পরপরই তার তীব্র মাথাব্যথা ও পেটব্যথা শুরু হয়। একপর্যায়ে দাঁড়িয়ে থাকতে না পেরে সে মাটিতে পড়ে যায়। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

বিদ্যালয়ের শিক্ষক তসলিমা খাতুন বলেন, দুধ বিতরণের সময় কয়েকটি প্যাকেটে ফুটো এবং দুধে দইয়ের মতো জমাট ভাব দেখতে পান তারা। বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তা মনোয়ার হোসেনকে জানিয়ে ওই দুধ বিতরণ না করার অনুরোধ করা হয়।

তবে শিক্ষকের অভিযোগ, সংশ্লিষ্ট ফিল্ড অফিসার মনোয়ার হোসেন তাদের কথা না শুনে নিজে দুধ পান করেন এবং শিক্ষার্থীদেরও তা পান করতে বলেন। এর কিছুক্ষণ পরই একে একে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়তে শুরু করে।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বিমন দেবনাথ বলেন, ১৬ থেকে ১৭ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাদের ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজিত সাহা। তিনি অসুস্থ শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং চিকিৎসার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।

ইউএনও ইন্দ্রজিত সাহা বলেন, অসুস্থ শিক্ষার্থীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। সরবরাহ করা দুধের নমুনা পরীক্ষার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হবে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তদন্তে কারও গাফিলতি প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুধ পান করার পর শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার কারণ নিশ্চিত হতে নমুনা পরীক্ষার ফল ও তদন্ত প্রতিবেদন পাওয়ার অপেক্ষা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave A Reply


Math Captcha
3 + 1 =