খুলনার পাইকগাছায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও রাড়ুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ গোলদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ষষ্ঠীতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, আব্দুল মজিদ গোলদার রাড়ুলী ইউনিয়নের দুইবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান। সোমবার সন্ধ্যার পর তিনি নিজ বাড়ির কাছের ষষ্ঠীতলা বাজারে যান। পরে খবর পেয়ে পাইকগাছা থানার পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, একটি বিশেষ মামলার তদন্তের অংশ হিসেবে আব্দুল মজিদ গোলদারকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে একটি মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।

