স্পোর্টস ডেস্ক
ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিজের পরিকল্পনায় রেখেছেন পর্তুগালের নতুন কোচ হোর্হে জেসুস। ৪১ বছর বয়সী এই তারকাকে দলে রেখেই আসন্ন উয়েফা নেশনস লিগের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পর্তুগাল।
বিশ্বকাপের সর্বশেষ স্কোয়াড থেকে চারটি পরিবর্তন এনেছেন জেসুস। জোসে সা, নেলসন সেমেদো, স্যামুয়েল কস্তা ও গনসালো গেদেসের জায়গায় দলে ডাক পেয়েছেন স্যামুয়েল সোয়ারেস, নুনো তাভারেস, জোয়াও পালহিনহা ও ফাবিও সিলভা।
রোনালদোকে দলে রাখার বিষয়ে কোচ জেসুস বলেন, দলে ডাক পাওয়া প্রত্যেক খেলোয়াড়কেই তিনি পারফরম্যান্সের ভিত্তিতে বিবেচনা করবেন।
তিনি বলেন, কেউ ভালো খেললে মাঠে নামবে, আর ভালো পারফর্ম না করলে খেলতে পারবে না। রোনালদোর ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য।
তবে রোনালদোর বিশেষ মর্যাদা রয়েছে বলেও স্বীকার করেছেন পর্তুগালের নতুন কোচ। তাঁর ভাষায়, রোনালদোর ক্যারিয়ার অন্যদের চেয়ে আলাদা এবং তিনি পাঁচবার ব্যালন ডি’অর জিতেছেন। কিন্তু এসব অর্জন তাঁর দল নির্বাচনের সিদ্ধান্তকে প্রভাবিত করবে না।
নেশনস লিগে ‘ডি’ গ্রুপে খেলবে পর্তুগাল। ২৪ সেপ্টেম্বর ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু হবে। এরপর ২৭ সেপ্টেম্বর নরওয়ে, ১ অক্টোবর ডেনমার্ক এবং ৪ অক্টোবর আবারও নরওয়ের মুখোমুখি হবে পর্তুগিজরা।
পর্তুগালের নেশনস লিগ স্কোয়াড
গোলরক্ষক: ডিয়োগো কস্তা, রুই সিলভা, স্যামুয়েল সোয়ারেস।
ডিফেন্ডার: জোয়াও ক্যানসেলো, ডিয়োগো দালোট, রুবেন দিয়াস, টমাস আরাউজো, রেনাতো ভেইগা, গনকালো ইনাসিও, নুনো মেন্দেস, নুনো তাভারেস।
মিডফিল্ডার: জোয়াও পালহিনহা, রুবেন নেভেস, ভিতিনহা, জোয়াও নেভেস, বার্নার্ডো সিলভা, ব্রুনো ফার্নান্দেস।
ফরোয়ার্ড: ফ্রান্সিসকো কনসেইসাও, ফ্রান্সিসকো ত্রিনকাও, রাফায়েল লেয়াও, পেদ্রো নেতো, জোয়াও ফেলিক্স, ক্রিশ্চিয়ানো রোনালদো, গনসালো রামোস, ফাবিও সিলভা।

