Friday, September 18
গুম আইন চূড়ান্ত পর্যায়ে, সংসদে উত্থাপন শিগগির: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : গত ছয় মাসে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড শূন্যের কোটায় নেমে এসেছে বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে সব অংশীজনের মতামত নিয়েই সাইবার সুরক্ষা আইন সংশোধনের প্রক্রিয়া চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি। আইনমন্ত্রী বলেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেন না হয়, সেদিকে খেয়াল রেখে সাইবার সুরক্ষা আইন সংশোধনী করা হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘আমেরিকান সংবিধান দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, বর্তমান সরকারের সময়ে মানবাধিকার সুরক্ষায় দৃশ্যমান অগ্রগতি হয়েছে। গত ছয় মাসের পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যাবে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো ঘটনা প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে।

আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকার স্বাধীন বাকস্বাধীনতা বা ‘ফ্রিডম অব স্পিচ’ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে বাকস্বাধীনতার নামে যেন অন্য কোনো ব্যক্তির সম্মানহানি বা অধিকার ক্ষুণ্ন না হয়, আইন সংশোধনের ক্ষেত্রে সেদিকে বিশেষ জোর দেওয়া হচ্ছে।

সাইবার সুরক্ষা আইন সংশোধন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এটি একটি সংবেদনশীল বিষয়। তাই রাজনৈতিক বা একক সিদ্ধান্তে না গিয়ে সমাজের সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনা করেই এই আইনে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।

এর আগে, অনুষ্ঠানে মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করার কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, সাংবিধানিক শাসন ও সুশাসন প্রতিষ্ঠাই সরকারের অন্যতম অগ্রাধিকার।

বিশ্বের যে কোনো ট্রাইব্যুনাল থেকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া এগিয়ে দাবি করে তিনি বলেন, ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচার করাই আমাদের মূল উদ্দেশ্য।

এছাড়া সোশ্যাল মিডিয়ায় বেনামী সংবাদমাধ্যম থেকে ফটোকার্ড দিয়ে অস্থিতিশীলতা তৈরি করলে ব্যবস্থা ওনেয়ার কথাও জানান তিনি।

আইন তৈরির মূল দর্শন তুলে ধরে আসাদুজ্জামান বলেন, আইন স্থির কোনো বিষয় নয়। মানুষের প্রয়োজন এবং সময়ের চাহিদার ওপর ভিত্তি করেই আইন প্রণয়ন ও সংশোধন করতে হয়। দেশের মানুষের সুরক্ষার জন্য যেমন আইন প্রয়োজন, ঠিক তেমন আইনই সরকার করবে।

Leave A Reply


Math Captcha
29 − 21 =