Wednesday, November 4

নিজস্ব প্রতিবেদক : মাগুরার শালিখায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে সুলতান মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার সিংড়া বাজারের মোটর শ্রমিক অফিস এলাকায় এ ঘটনা ঘটে।

সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এসব তথ্য জানিয়েছেন শালিখা থানার ওসি মো. আশিকুর রহমান।

আটক দুজনের পরিচয় জানায়নি পুলিশ। স্থানীয়দের বরাতে তিনি জানিয়েছেন, উপজেলার বলাই নাঘোশা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাফর মোল্লা ও সামসু মেম্বারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি জাফর মোল্লার দুটি সেচ পাম্প চুরি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রবিবার বিকালে দুপক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে সোমবার দুপুরে সিংড়া বাজারের মোটর শ্রমিক অফিস এলাকায় দুপক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। আহতদের মাগুরা ও যশোরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি বলেছেন, ‘গুরুতর আহত সুলতানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে রাতে তার মৃত্যু হয়।’

Leave A Reply


Math Captcha
39 + = 44